দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কোতোয়ালি থানায় উপপরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিনুর ইসলাম এ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. ওমর ফারুক ফারুকী, অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া, কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান, জহরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, দেওয়ান রিপন, হাজী মোহাম্মদ মহাসিন, মুজাহিদুল ইসলাম সায়েম, আব্দুল্লাহ আল মামুন, শাম্মী আক্তার, মোসাম্মৎ হিরা, নারগিস পারভেজ মুক্তি, নুরুল ইমান বাবুল, ইউছুফ সরকার, আজহারুউদ্দিন রিপন, কেএম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কেএম বরকত সবুজ, মাহাবুব আলম আক্তার ও কাজী পনির।
এর আগে দুপুর ১২টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা পদযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে আদালতের সামনের প্রধান সড়কে অবস্থান নেন। তখন তাদের সড়ক ছেড়ে দিতে বলে পুলিশ।
এ সময় পুলিশ ও আইনজীবীরা মুখোমুখি অবস্থান নেয়। বিএনপিপন্থি আইনজীবীরা সড়কে বসে পড়েন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে সরানোর চেষ্টা করলেও আইনজীবীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সিএমএম আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।
সেখানেও পুলিশ ও আইনজীবীদের মধ্যে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, এসি শাহিনুর ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
আরএ