দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের গুরুদাসপুরে স্ত্রীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহীন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শাহীন হোসেন উপজেলার মশিন্দা পূর্ব চরপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ জানান, ঘটনার প্রায় ২০ বছর পূর্বে শাহীন হোসেনের সঙ্গে তাইফুল বেগমের বিয়ে হয়। বিয়ের পরে জানতে পাওয়া যায় শাহীন হোসেনের নিজের কোনো ঘর বাড়ি নেই। পরে শ্বশুরের বসতভিটায় ঘর করে দেন শ্বশুর। এরপর থেকে তারা সেখানেই বসবাস করতেন।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। এ নিয়ে শাহীন তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এরই একপর্যায়ে ২০১৮ সালের ২০ এপ্রিল স্ত্রীকে মারধর করে ঘুমের ওষুধ খাওয়ায় শাহীন। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শাহীন। বিষয়টি ধামাচাপা দিতে ঘরের কোনায় গর্ত খুঁড়ে মাঝরাতে আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীকে ডাকাডাকি করে বলে কে বা কারা সিঁধ কেটে ঘরে ঢুকে তার স্ত্রীকে হত্যা করেছে।
তবে বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তারা শাহীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার ও শাহীনকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ভাই জামাল হোসেন বাদী হয়ে শাহীনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শাহীন হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
এইউ