দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ ভুল করে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ একটি চ্যাট ডিলিট করে ফেলেছেন। কয়েক মুহূর্ত পরই মনে হলো, মেসেজগুলো তো দরকার ছিল! তখন কী করবেন?
চিন্তার কারণ নেই—তবে চ্যাট ফেরত পাওয়ার সুযোগ নির্ভর করবে আগে থেকে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ চালু ছিল কি না, তার ওপর। ব্যাকআপ কখনোই নেওয়া না হলে ভুল করে মুছে ফেলা মেসেজ বা চ্যাট উদ্ধারের সুযোগ নেই।
তবে ব্যাকআপ চালু থাকলে সর্বশেষ ব্যাকআপ থেকে চ্যাট ফিরিয়ে আনার চেষ্টা করা যায়। এ ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি। চ্যাট পুনরুদ্ধারের পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করতে হয়। ফলে সর্বশেষ ব্যাকআপ নেওয়ার পর নতুন করে আসা কিছু মেসেজ হারিয়ে যেতে পারে।
তাই মুছে যাওয়া চ্যাট খুব গুরুত্বপূর্ণ হলে এবং সম্ভাব্য কিছু তথ্য হারানোর ঝুঁকি নেওয়ার মতো পরিস্থিতি হলে তবেই এই পদ্ধতি অনুসরণ করা উচিত।
চ্যাট ব্যাকআপ চালু করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ চালু করতে প্রথমে অ্যাপের ‘সেটিংস’-এ যান। এরপর ‘চ্যাটস’ থেকে ‘চ্যাট ব্যাকআপ’-এ প্রবেশ করুন। এখানে ‘নেভার’, ‘ডেইলি’, ‘উইকলি’ বা ‘মান্থলি’—ব্যাকআপ নেওয়ার সময়সূচি নির্ধারণ করা যাবে। চাইলে নিজে থেকেও ব্যাকআপ নেওয়া যায়।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যাকআপ সংরক্ষণের জন্য একটি গুগল অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। আর আইফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপের ‘সেটিংস’ থেকে ‘চ্যাটস’ এবং এরপর ‘চ্যাট ব্যাকআপ’-এ গিয়ে স্বয়ংক্রিয় ব্যাকআপের সময়সূচি ঠিক করতে হবে। চাইলে ‘ব্যাক আপ নাও’ অপশন ব্যবহার করে আইক্লাউডে ম্যানুয়াল ব্যাকআপও নেওয়া যায়।
ক্লাউড ব্যাকআপ থেকে মুছে যাওয়া চ্যাট ফেরাবেন যেভাবে
ধরা যাক, রাত ১২টায় আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নেওয়া হয়েছে। সকালে ভুল করে একটি চ্যাট মুছে ফেললেন। যেহেতু রাতের ব্যাকআপে চ্যাটটি ছিল, তাই সেটি পুনরুদ্ধারের সুযোগ রয়েছে।
এ জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন। এরপর আবার অ্যাপটি ইনস্টল করে আপনার ফোন নম্বর দিয়ে সেটআপ করুন।
অ্যাপ সেটআপ করার সময় ক্লাউড ব্যাকআপ থেকে মেসেজ পুনরুদ্ধারের জন্য একটি বার্তা আসবে। অ্যান্ড্রয়েডে ব্যাকআপটি গুগল ড্রাইভে এবং আইফোনে আইক্লাউডে থাকলে ‘রিস্টোর’ অপশনে চাপ দিতে হবে।
এরপর ব্যাকআপে থাকা মুছে যাওয়া মেসেজগুলো ফিরে আসবে। তবে সর্বশেষ ক্লাউড ব্যাকআপের পর কোনো নতুন মেসেজ এসে থাকলে এবং সেটি পরে মুছে গেলে, সেই মেসেজ পুনরুদ্ধার করা সম্ভব হবে না।
অ্যান্ড্রয়েডের স্থানীয় ব্যাকআপ থেকেও ফিরতে পারে চ্যাট
গুগল ড্রাইভের ব্যাকআপে যদি মুছে যাওয়া মেসেজের তথ্য না থাকে, অ্যান্ড্রয়েড ফোনের স্থানীয় ব্যাকআপ থেকেও চ্যাট পুনরুদ্ধারের চেষ্টা করা যায়। এই পদ্ধতি আইফোনে কাজ করে না।
প্রথমে ফোনের ‘ফাইল ম্যানেজার’ খুলতে হবে। ফোনে এটি না থাকলে গুগলের ‘ফাইলস’ অ্যাপ ব্যবহার করা যেতে পারে। এরপর ‘হোয়াটসঅ্যাপ’ ফোল্ডারে গিয়ে ‘ডেটাবেস’ ফোল্ডার খুলুন। সেখানে ফোনে স্থানীয়ভাবে সংরক্ষিত হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফাইলগুলো পাওয়া যাবে।
এরপর ‘msgstore.db.crypt12’ ফাইলটি নির্বাচন করে ‘msgstore_BACKUP.db.crypt12’ নামে পরিবর্তন করতে হবে। এটি বর্তমান ব্যাকআপ ফাইলকে নিরাপদ রাখবে, যাতে কোনো সমস্যা হলে আগের নাম ফিরিয়ে এনে সেটি পুনরুদ্ধারের চেষ্টা করা যায়।
এরপর ওই ফোল্ডারে ‘msgstore-YYYY-MM-DD.1.db.crypt12’ ধরনের একাধিক ফাইল দেখা যাবে। এগুলো পুরোনো ব্যাকআপ। প্রয়োজনীয় সবচেয়ে সাম্প্রতিক ব্যাকআপটি নির্বাচন করে ‘msgstore.db.crypt12’ নামে পরিবর্তন করতে হবে।
এরপর ফোনে গুগল ড্রাইভ খুলে ওপরের বাঁ দিকে থাকা তিনটি উল্লম্ব দাগের চিহ্নে চাপ দিয়ে ‘ব্যাকআপস’-এ যেতে হবে। সেখানে থাকা হোয়াটসঅ্যাপের ব্যাকআপ মুছে দিতে হবে। এতে ফোনটি স্থানীয় ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধার করার চেষ্টা করবে।
সবশেষে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। অ্যাপ সেটআপ করার পর স্থানীয় ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধারের জন্য বার্তা এলে ‘রিস্টোর’ অপশনে চাপ দিতে হবে।
তবে পুরো প্রক্রিয়ায় সতর্ক থাকা জরুরি। চ্যাট ব্যাকআপ আগে থেকে চালু না থাকলে মুছে যাওয়া মেসেজ উদ্ধারের সুযোগ নেই। আর ব্যাকআপ পুনরুদ্ধারের সময় সর্বশেষ ব্যাকআপের পর পাওয়া কিছু মেসেজ হারিয়ে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ চ্যাট ফেরানোর প্রয়োজন এবং সম্ভাব্য তথ্য হারানোর ঝুঁকি—দুই বিষয় বিবেচনা করেই পদক্ষেপ নেওয়া উচিত।
/অ