দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউটিউবে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় শুরু করতে নতুন নির্মাতাদের জন্য আরও কঠিন শর্ত চালু করতে যাচ্ছে ইউটিউব।
সোমবার প্রতিষ্ঠানটি জানায়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন নির্মাতাদের আয় শুরু করতে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টাওয়াচ টাইম অথবা গত ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিউ অর্জন করতে হবে।
বর্তমানে ইউটিউব থেকে আয় শুরু করতে একজন নির্মাতার অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার এবং গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম প্রয়োজন। অথবা ১ হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি গত ৯০ দিনে ১ কোটি শর্টস ভিডিও দেখার সংখ্যা অর্জন করতে হয়।
ইউটিউব জানিয়েছে, নতুন নিয়মটি ইতোমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে থাকা নির্মাতাদের ওপর প্রভাব ফেলবে না।
এ ছাড়া শর্টস ভিডিও নির্মাতাদের আয় ধরে রাখার ক্ষেত্রেও নতুন শর্ত চালু হচ্ছে। শর্টস ভিডিও নির্মাতাদের তহবিল থেকে আয় করতে হলে প্রতি ৯০ দিনে অন্তত ১ কোটি ভিডিও দেখার সংখ্যা ধরে রাখতে হবে। কোনো চ্যানেল এই সীমার নিচে নেমে গেলে তারা পার্টনার প্রোগ্রামে থাকবেন এবং লং-ফর্ম ভিডিও থেকে আয় চালিয়ে যেতে পারবেন। পরে আবার ১ কোটি দর্শনসংখ্যা পূরণ করলে স্বল্পদৈর্ঘ্য ভিডিও থেকেও আয় শুরু হবে।
ইউটিউব বলছে, প্ল্যাটফর্মটির সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে এই পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে ইউটিউবে প্রতিদিন ২০ হাজার কোটি শর্টস ভিডিও দেখা হয় এবং টেলিভিশনে প্রতিদিন একশ কোটি ঘণ্টার বেশি সময় ভিডিও দেখা হয়।
নতুন নিয়মে ইউটিউবের আয় কর্মসূচিতে প্রবেশ এবং সেখানে থাকা—দুই ক্ষেত্রেই নির্মাতাদের জন্য চ্যালেঞ্জ বাড়বে। বিশেষ করে শর্টস ভিডিও নির্মাতাদের নিয়মিত বড় দর্শক ধরে রাখার ওপর আরও বেশি চাপ তৈরি হবে। এর ফলে নতুন নির্মাতাদের একটি অংশের জন্য ইউটিউব থেকে আয় শুরু করা কঠিন হয়ে পড়তে পারে।
সোমবারের ঘোষণায় ইউটিউব আরও জানিয়েছে, তুলনামূলক কম খরচের ‘প্রিমিয়াম লাইট’ সাবস্ক্রিপশন এখন ইউটিউব প্রিমিয়াম চালু থাকা সব দেশে সম্প্রসারণ করা হচ্ছে। এই সেবার সাবস্ক্রাইবারদের দেখার সময় ও ভিডিও দেখার সংখ্যার ভিত্তিতে নির্মাতারা সাবস্ক্রিপশন আয় থেকে অংশ পাবেন। লং ভিডিও নির্মাতারা পাবেন ৫৫ শতাংশ এবং শর্টস ভিডিও নির্মাতারা পাবেন ৪৫ শতাংশ।
ইউটিউব জানিয়েছে, নতুন সাবস্ক্রাইবার যুক্ত হওয়ার ফলে নির্মাতাদের আয় বাড়তে পারে। কোনো ব্যবহারকারী প্রিমিয়াম সেবায় যুক্ত হলে বিজ্ঞাপন দেখার তুলনায় অংশীদার নির্মাতারা গড়ে বেশি আয় করেন।
‘প্রিমিয়াম লাইট’ সেবায় অধিকাংশ ভিডিও বিজ্ঞাপনমুক্ত দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি ভিডিও ইন্টারনেট সংযোগ ছাড়াই দেখার জন্য সংরক্ষণ এবং পেছনে ভিডিও চালু রাখার সুবিধাও রয়েছে।
শুধু ইউটিউব নয়, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমও নির্মাতাদের আয় ব্যবস্থায় পরিবর্তন আনছে। সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন এক্স নির্মাতাদের অর্থ প্রদানের নিয়ম পরিবর্তন করে মৌলিক বা নিজস্ব বিষয়বস্তুকে পুরস্কৃত করার ওপর জোর দিয়েছে। ফেসবুক টিকটক ও ইউটিউব থেকেও জনপ্রিয় নির্মাতাদের আকৃষ্ট করতে নতুন আয় কর্মসূচি চালু করে।
/অ