দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তাদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে দেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। যদিও সুবিধাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সবার জন্য উন্মুক্ত হয়নি, তবু ইতোমধ্যে কিছু ব্যবহারকারী বিকাশের মাধ্যমে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন।
বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ অপশনও দেখা যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।
এত দিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা কিংবা অন্যান্য ব্যাংকিং জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তারা নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। অনেক নতুন উদ্যোক্তার জন্য এসব শর্ত পূরণ করা ব্যয়বহুল ও জটিল ছিল।
বিকাশের মতো দেশীয় মোবাইল আর্থিক সেবা যুক্ত হলে স্থানীয় মুদ্রায় আরও সহজে বিজ্ঞাপনের খরচ পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা নতুন পেমেন্ট সুবিধা সবার জন্য চালুর আগে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে চালু করে। তাই বর্তমানে ফিচারটি সব অ্যাকাউন্টে দৃশ্যমান না হলেও, ট্রায়াল সফল হলে এটি পর্যায়ক্রমে আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পরিশোধব্যবস্থা কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
/অ