দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় প্রথম স্থান অর্জনের অভিযোগ স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার এক পরীক্ষার্থী। তার স্বীকারোক্তির পর রোববার (১৫ নভেম্বর) ঘটনাটি তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
এ ঘটনায় আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এর স্বচ্ছতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
চলতি বছরের এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষার উভয় ধাপেই প্রথম হয়েছিলেন ওই পরীক্ষার্থী। প্রায় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে শীর্ষস্থান অর্জন করায় শুরু থেকেই তার ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। কয়েক মাস ধরে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলার পর অবশেষে প্রতারণার বিষয়টি স্বীকার করেন তিনি।
দেশটির অ্যাটর্নি লি দন-হোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে নিজের পদবি ‘হান’ উল্লেখ করে পরীক্ষার্থী জানান, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও জেনারেটিভ এআই ব্যবহার করে তিনি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। তার ভাষায়, সর্বোচ্চ নম্বর অর্জন তার প্রকৃত মেধা কিংবা পরিশ্রমের প্রতিফলন নয়। এ ঘটনার জন্য ক্ষমাও চান তিনি।
আইনজীবীর মাধ্যমে দেওয়া স্বীকারোক্তিতে হান জানান, পরীক্ষার হলে একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি ধারণ করতেন তিনি। পরে সেসব ছবি এআই টুলে পাঠিয়ে উত্তর সংগ্রহ করতেন। এরপর স্মার্টফোনের মাধ্যমে এআইয়ের দেওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন।
এপ্রিলের প্রথম ধাপের পরীক্ষায় ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ দশমিক ৫ পেয়েছিলেন হান। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হয়েছিল তার। এমন অস্বাভাবিক ফলাফলের পর থেকেই স্মার্ট চশমাসহ গোপন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠেছিল।
তবে প্রথম দিকে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। পরে মুখে মাস্ক পরা অবস্থায় ভিডিও বার্তায় সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তি জমা দেওয়ার কথা জানান।
সিউল মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে পরীক্ষায় জালিয়াতির বিষয়ে লিখিত স্বীকারোক্তি পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এমজে