দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অ্যাপলের ভাঁজযোগ্য আইফোন ডুও বাজারে আসার পর এর দাম নিয়ে আলোচনার মধ্যেই আরও ব্যয়বহুল সংস্করণ এনেছে বিলাসপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার। ‘লিকুইড মেটাল’ নামে তৈরি এই বিশেষ সংস্করণের সর্বোচ্চ দাম ২১ হাজার ৩৪০ ডলার, যা অ্যাপলের মূল সংস্করণের দামের প্রায় ১০ গুণ।
চলতি মাসের শুরুতে বিশ্বের সামনে উন্মোচিত হয় অ্যাপলের সবচেয়ে দামি আইফোন ডুও। যুক্তরাজ্যে ডিভাইসটির দাম ১ হাজার ৯৯৯ থেকে ৩ হাজার ১৯৯ পাউন্ড। অন্যদিকে অ্যাপলের সর্বশেষ আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু হয়েছে ১ হাজার ১৯৯ পাউন্ড থেকে।
তবে এসব দামকে অনেকটাই ছাপিয়ে গেছে ক্যাভিয়ারের তৈরি ‘লিকুইড মেটাল’ সংস্করণ। পুরো ডিভাইসটি তৈরি করা হয়েছে স্টার্লিং রুপা দিয়ে। এতে দেওয়া হয়েছে আয়নার মতো চকচকে আবরণ। ক্যাভিয়ারের ভাষ্য, এর পৃষ্ঠতল এমনভাবে তৈরি করা হয়েছে, যা গতিশীল অবস্থায় জমে থাকা ধাতুর অনুভূতি তৈরি করে। আলো প্রতিফলনের পরিবর্তনের মাধ্যমে এতে গভীরতা ও তরলতার আবহ ফুটিয়ে তোলা হয়েছে।
আইফোন ডুও ভাঁজ হয়ে খোলার ধরন থেকেই এই নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্যাভিয়ার। প্রতিষ্ঠানটির মতে, ভাঁজযোগ্য আইফোন ডুওর রূপান্তরের ধারণাকে সামনে রেখে স্মার্টফোনটিকে একটি নিরবচ্ছিন্ন ধাতব কাঠামোর মতো করে তৈরি করা হয়েছে। ভাস্কর্যধর্মী তরল রেখাগুলো এর নতুন আকৃতিকে আরও ফুটিয়ে তুলেছে।
ক্যাভিয়ার জানিয়েছে, ‘লিকুইড মেটাল’ সংস্করণের মাত্র ১৭টি ইউনিট তৈরি করা হয়েছে। এর ২৫৬ গিগাবাইট সংস্করণের দাম ১৮ হাজার ৮৪০ ডলার, ৫১২ গিগাবাইটের দাম ১৯ হাজার ২০০ ডলার এবং ১ টেরাবাইট সংস্করণের দাম ১৯ হাজার ৯১০ ডলার। সবচেয়ে দামি ২ টেরাবাইট সংস্করণের মূল্য ২১ হাজার ৩৪০ ডলার।
অ্যাপলের আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সেরও বিলাসবহুল সংস্করণ তৈরি করেছে ক্যাভিয়ার। এসব মডেলের ৭৬টি বিশেষ সংস্করণ রয়েছে, যেগুলোর দাম ৭ হাজার ১৩০ থেকে ৮৮ হাজার ২৯০ ডলার পর্যন্ত।
সবচেয়ে দামি সংস্করণগুলোর একটি ‘পালমেট ১৮কে’। এতে শিল্পসজ্জার বিশেষ নকশা ব্যবহার করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি এর কাঠামোতে সংযুক্ত করা হয়েছে হীরাখচিত খেজুরপাতার নকশা। সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্যবাহী খেজুরগাছ থেকে এই নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে। শতাধিক হীরা হাতে বসানো হয়েছে এতে। মূল্যবান পাথরে সাজানো অ্যাপলের প্রতীকও রয়েছে সংস্করণটিতে।
অ্যাপলের পণ্যের বিশেষ সংস্করণ তৈরিতে ক্যাভিয়ারের এটি প্রথম উদ্যোগ নয়। চলতি বছরের এপ্রিলেও প্রতিষ্ঠানটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের একটি বিলাসবহুল সংস্করণ তৈরি করেছিল, যাতে অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের পরিচিত কালো গলাবন্ধ পোশাকের একটি অংশ ব্যবহার করা হয়েছিল।
/অ