দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিডনি বিকল হয়ে ডায়ালাইসিসের ওপর নির্ভর করতে হচ্ছিল যুক্তরাষ্ট্রের টিম অ্যান্ড্রুজের। মানবদাতার কিডনি পাওয়ার অপেক্ষাও ছিল দীর্ঘ। এমন পরিস্থিতিতে চিকিৎসকেরা তার শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের একটি কিডনি প্রতিস্থাপন করেন। কিডনিটি মানবদেহে ২৭১ দিন সচল ছিল, যা তখনকার সবচেয়ে দীর্ঘ সময়ের রেকর্ড।
অ্যান্ড্রুজের টাইপ-২ ডায়াবেটিসের কারণে কিডনি বিকল হয়ে গিয়েছিল। ২০২৫ সালের ২৫ জানুয়ারি ৬৬ বছর বয়সে তার শরীরে শূকরের কিডনিটি প্রতিস্থাপন করা হয়। প্রতিস্থাপনের পরপরই কিডনিটি কাজ শুরু করে। এর ফলে ২৭১ দিন ডায়ালাইসিস ছাড়াই থাকতে পারেন তিনি।
তবে প্রায় ছয় মাস পর কিডনিটির রক্তনালিতে ক্ষতির লক্ষণ দেখা দেয়। পরে অঙ্গটিতে প্রদাহ তৈরি হয় এবং ধীরে ধীরে এর কার্যক্ষমতা কমতে থাকে। শেষ পর্যন্ত ২০২৫ সালের অক্টোবরে কিডনিটি অপসারণ করা হয়।
এরপর অ্যান্ড্রুজকে ৮২ দিন ডায়ালাইসিস নিতে হয়। ২০২৬ সালের জানুয়ারিতে তিনি একজন মৃত মানবদাতার কাছ থেকে কিডনি পান। নতুন কিডনিটি প্রতিস্থাপনের পরপরই কাজ শুরু করে এবং পরবর্তী পর্যবেক্ষণেও ভালোভাবে কাজ করেছে।
মানুষের শরীরে অন্য প্রজাতির প্রাণীর অঙ্গ প্রতিস্থাপনের এই পদ্ধতিকে বলা হয় জেনোট্রান্সপ্লান্টেশন। অঙ্গদাতার সংকটের কারণে চিকিৎসাবিজ্ঞানে এ নিয়ে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্রে প্রায় এক লাখ মানুষ কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন, যেখানে বছরে প্রায় ২৫ হাজার কিডনি প্রতিস্থাপন করা হয়। যুক্তরাজ্যেও সাত হাজারের বেশি মানুষ কিডনি প্রতিস্থাপনের তালিকায় রয়েছেন।
শূকরের অঙ্গকে মানুষের শরীরে ব্যবহারের উপযোগী করতে গবেষকেরা জিনগত পরিবর্তন এনেছেন। অ্যান্ড্রুজের জন্য ব্যবহৃত শূকরটির জিনোমে ৬৯টি পরিবর্তন করা হয়েছিল। এর মধ্যে কিছু পরিবর্তনের লক্ষ্য ছিল মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থার আক্রমণ কমানো, কিছু পরিবর্তনের মাধ্যমে শূকরের শরীরে থাকা ভাইরাসের ঝুঁকি কমানো এবং কিছু মানবজিন যুক্ত করে অঙ্গটিকে মানবদেহের জন্য বেশি উপযোগী করা।
ম্যাস জেনারেল ব্রিগহামের চিকিৎসক লিওনার্দো রিয়েলার মতে, মানবদাতার কিডনির সংকটের কারণে শূকরের কিডনি ভবিষ্যতে একটি ‘সেতু’ হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ মানবদাতার কিডনি পাওয়া পর্যন্ত রোগীর কিডনির কার্যকারিতা ধরে রাখতে এটি ব্যবহার করা যেতে পারে।
চিকিৎসকদের এই গবেষণায় অ্যান্ড্রুজের ঘটনা নতুন সম্ভাবনা তৈরি করলেও দীর্ঘমেয়াদি কার্যকারিতা, রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া এবং অন্যান্য ঝুঁকি নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
/অ