দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন বিক্রেতা ওজোনের কয়েকটি গুদাম ও সরবরাহকেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলার পর আগুন লেগেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওজোন জানায়, রাতভর হামলায় দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার, দাগেস্তান, স্তাভরোপোল ও আদিগেয়া অঞ্চলে তাদের লজিস্টিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে দাগেস্তানের মাখাচকালায় ওজোনের একটি লজিস্টিক কেন্দ্রে ড্রোন হামলার পর আগুন ছড়িয়ে পড়ে।
এর আগে ক্রাসনোদার শহরে প্রতিষ্ঠানটির একটি লজিস্টিক কেন্দ্রে বড় ধরনের আগুন দেখা যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশু নিহত হয়েছে। রাশিয়ার শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভা জানান, নিহত শিশুদের বয়স ১৩, ১৫ ও ১৬ বছর। আরও ছয় শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আদিগেয়া অঞ্চলের আদিগেইস্ক এবং স্তাভরোপোল অঞ্চলের নেভিন্নোমিস্ক শহরে ওজোনের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বিবিসি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওজোনের গুদামে হামলার কয়েকটি ভিডিও যাচাই করেছে। এর মধ্যে একটি ভিডিওতে ওরেনবুর্গ অঞ্চলের একটি গুদামে ড্রোন আঘাত হানতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে দাগেস্তানের গুদাম থেকে ধোঁয়া ও আগুনের বড় কুণ্ডলী উঠতে দেখা গেছে।
হামলার খবর ছড়িয়ে পড়ার পর সোমবার সকালে মস্কো স্টক এক্সচেঞ্জে ওজোনের শেয়ারের দাম সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত কমে যায়। প্রতিষ্ঠানটির বড় অংশীদার বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান এএফকে সিস্তেমার শেয়ারের দামও প্রায় ১৩ শতাংশ কমে যায়।
ওজোনকে সরকারি সহায়তা দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ক্রেমলিন জানায়, কঠিন পরিস্থিতিতে ব্যবসায়ীদের সহায়তার বিভিন্ন উপায় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।
এর এক দিন আগেও সামারা অঞ্চলে ওজোনের একটি স্থাপনায় হামলা হয়েছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ওই ঘটনায় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।
এর পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য সংরক্ষণের কেন্দ্রগুলোতে ধারাবাহিক হামলা রাশিয়ার সামরিক সরবরাহব্যবস্থাকে জটিল করে তুলছে এবং দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার বলেন, অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে। এর জবাবে রাশিয়া কিয়েভের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোতে হামলা চালাবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ইউক্রেনের ওদেসা অঞ্চলেও রাতভর হামলায় খাদ্য সংরক্ষণকেন্দ্র ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ওলেহ কিপের।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ওজোন রাশিয়ার অন্যতম পুরোনো অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান। আকার ও বিস্তৃতির দিক থেকে এটি দেশটির সবচেয়ে বড় অনলাইন বিক্রেতা ওয়াইল্ডবেরিজের পরেই অবস্থান করছে। দেশজুড়ে ওজোনের পণ্য সংগ্রহ ও সরবরাহকেন্দ্র ছড়িয়ে রয়েছে।
ওজোন ও ওয়াইল্ডবেরিজকে প্রায়ই রাশিয়ার ‘অ্যামাজন’ বলা হয়। দেশটির বিপুলসংখ্যক মানুষ পোশাক, গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্য কেনার জন্য এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। প্রত্যন্ত অনেক এলাকায় সহজে দোকান পাওয়া না যাওয়ায় এসব অনলাইন বাজার মানুষের দৈনন্দিন কেনাকাটার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
ইউক্রেন কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন বিক্রেতা ওয়াইল্ডবেরিজের বিভিন্ন স্থাপনাতেও হামলা চালিয়ে আসছে। কিয়েভের দাবি, প্রতিষ্ঠানটি রুশ সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। তবে ক্রেমলিন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ অভিযোগ অস্বীকার করেছে।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: বিবিসি
এমএস/