দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এথেন্সের কাছে গ্রিসের সালামিনা দ্বীপে কয়েক মিনিটের ব্যবধানে দুটি ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে দুজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
গ্রিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে প্রায় ২০০ দমকলকর্মী কাজ করছেন। দুটি আগুন যাতে একত্রিত হয়ে বড় ধরনের দাবানলে রূপ না নেয়, সে চেষ্টা করছেন তারা।
রোববার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ওই দিন সালামিনা দ্বীপকে উচ্চমাত্রার দাবানল ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
গ্রিসের কোস্টগার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৯০ জনকে সমুদ্রপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাঁচটি টহল নৌকা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে সহায়তার জন্য বেশ কয়েকটি বেসরকারি নৌযানও প্রস্তুত রাখা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েকটি উড়োজাহাজ ও ৫০টি দমকলের গাড়ি মোতায়েন করা হয়েছে।
সালামিনার ডেপুটি মেয়র থিওডোরিস জানিস জানান, দ্বীপের একটি পাহাড়ের ওপর দিয়ে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আগুন দুটি একত্রিত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এথেন্সের ঠিক পশ্চিমে অবস্থিত সালামিনা দ্বীপে প্রায় ৩৭ হাজার মানুষের বসবাস। তাঁদের মধ্যে অনেকেই বয়স্ক। তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে ইউরোপের বিভিন্ন এলাকায় চলতি সপ্তাহান্তে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে।
সূত্র: বিবিসি
এমএস/