দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজপরিবারের সদস্য হিসেবে ‘অশোভন আচরণের’ অভিযোগে পুত্রবধূর সব রাজকীয় উপাধি বাতিল করেছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। সুলতানের আদেশে চলতি মাসের শুরুতেই তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এ সিদ্ধান্ত।
ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সুলতানের আদেশের পর ওই নারীর সব রাজকীয় উপাধি বাতিল করা হয়। তবে কী ধরনের আচরণের কারণে তাঁর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের একজন সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর উপাধি প্রত্যাহার করা হয়েছে। তাঁর কর্মকাণ্ড রাজপরিবারের সুনামও ক্ষুণ্ন করেছে।’
৩৩ বছর বয়সী পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনাইয়ের প্রিন্স আবদুল মালিকের (৪৩) স্ত্রী। আবদুল মালিক সিংহাসনের উত্তরাধিকার ক্রমে চতুর্থ স্থানে রয়েছেন।
গ্র্যান্ড চেম্বারলেইনের দপ্তর থেকেও পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহ ঠিক কী ‘অনুপযুক্ত আচরণ’ করেছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। রাবিয়াতুল আদাউইয়াহ তাঁর ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধি হারিয়েছেন।
পর্যবেক্ষকেরা বলেছেন, সুলতান এর আগেও রাজপরিবারের সদস্যদের রাজকীয় উপাধি কেড়ে নিয়েছেন। ২০০৩ সালে বিবাহবিচ্ছেদের পর তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের রাজকীয় সব উপাধি প্রত্যাহার করেছিলেন। এরপর ২০১০ সালে তাঁর তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরও তিনি একইভাবে তাঁর রাজকীয় উপাধি কেড়ে নিয়েছিলেন।
তবে রাবিয়াতুল আদাউইয়াহর বিষয়টি ভিন্ন। তিনি এখনো সুলতানের ছেলের স্ত্রী এবং সেই হিসেবে এখনো রাজপরিবারের একজন সদস্য। তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
কেএম