দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক অভিযান ও ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বন্ধ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না। একই সঙ্গে বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড় এবং গাজা ও লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছে তেহরান।
মঙ্গলবার ইরানের অবস্থানের এমন ঘোষণার মধ্যেই দেশটির রাজধানী তেহরান সফর করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অবসানে মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে তাঁর এ সফর বলে জানা গেছে।
রেজাই চীনের তেহরানস্থ রাষ্ট্রদূত কং পেইউর সঙ্গে বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন করে ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ইরানের শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও নৌ অবরোধ বন্ধ করা, বিদেশে থাকা ইরানের জব্দ অর্থ ছাড় করা এবং গাজা ও লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া। এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন মোহসিন নাকভি। বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
চলমান সংঘাতের অবসানে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করছে। এর আগে কাতার জানিয়েছিল, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা অগ্রসর পর্যায়ে রয়েছে। তবে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজে জাহাজ চলাচলের পথ নিয়ে কোনো সমঝোতা হলেও তাতে প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত বদলাবে না।
সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইরির মতে, যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতেই হরমুজ প্রণালি বন্ধ রাখছে ইরান। তাঁর ভাষ্য, ভবিষ্যতে ইরানের ওপর নতুন হামলা ঠেকাতে দেশটি কৌশলগত প্রতিরোধক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।
এদিকে সংঘাতের মধ্যে হরমুজ ও লোহিত সাগরে জাহাজ চলাচলও নতুন করে হামলার মুখে পড়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অমান্য করে একটি পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ইরানের দিকে যাওয়ার চেষ্টা করলে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল করে দেয়।
অন্যদিকে লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত হুথিদের হামলায় একটি ছোট পণ্যবাহী জাহাজের চারজন ক্রু নিহত হয়েছেন বলে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। হামলার পর উদ্ধারকাজে আসা আরও দুই ইয়েমেনি উদ্ধারকর্মী নিহত হন।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর জাহাজ চলাচলে হুথিদের হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে জানা গেছে। হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে হামলা চালানো হয়েছে। তবে জাহাজটির নাম প্রকাশ করা হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে এরই মধ্যে হাজারো মানুষ নিহত হয়েছেন। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবাননেও। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাচ্ছে এবং ইসরায়েলও নিয়মিত পাল্টা হামলা চালাচ্ছে।
সূত্র: আল জাজিরা
এমএস/