দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বাধা অব্যাহত থাকায় তেল ও গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা। এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালি এখন উন্মুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের পূর্বাভাস সংস্থা এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, আগস্টজুড়েই হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন সীমিত থাকতে পারে।
মঙ্গলবার ইআইএ ২০২৬ সালে বৈশ্বিক তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের গড় দাম প্রতি ব্যারেল ৮৭ ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছে। এক মাস আগের পূর্বাভাসে এ দাম ৮২ ডলার ধরা হয়েছিল। বর্তমানে ব্রেন্টের দামও এর কাছাকাছি রয়েছে।
এদিকে, চলতি বছর যুক্তরাষ্ট্রে খুচরা পেট্রোলের গড় দাম প্রতি গ্যালন ৩ দশমিক ৭৮ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইআইএ। আগের পূর্বাভাসে এই দাম ৩ দশমিক ৬৪ ডলার ধরা হয়েছিল। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রে পেট্রোলের জাতীয় গড় দাম ছিল ২ দশমিক ৯৮ ডলার, জানিয়েছে এএএ।
২০২৭ সালের তেল ও পেট্রোলের দাম নিয়েও পূর্বাভাস বাড়িয়েছে ইআইএ।
ইআইএ বলেছে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে সীমাবদ্ধতার কারণেই এই পূর্বাভাস বাড়ানো হয়েছে। সংস্থাটির পূর্বাভাসে আগস্ট পর্যন্ত এসব সীমাবদ্ধতা অব্যাহত থাকবে বলে ধরে নেওয়া হয়েছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচল সীমিত থাকায় আগামী কয়েক মাসে মধ্যপ্রাচ্যের কত পরিমাণ তেল উৎপাদন বন্ধ থাকতে পারে, সেই পূর্বাভাসও বাড়িয়েছে ইআইএ।
ইআইএর এই পূর্বাভাস ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে বড় ধরনের পার্থক্য তৈরি করেছে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন উন্মুক্ত এবং জলপথটির নিয়ন্ত্রণ কেবল মার্কিন নৌবাহিনীর হাতে রয়েছে।
তবে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১২০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করলেও সোমবার মাত্র আটটি জাহাজ ওই জলপথ দিয়ে চলাচল করেছে।
সূত্র: সিএনএন
এমএস/