দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় দেশীয়ভাবে তৈরি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে (গ্রিনিচ মান সময় বিকেল ৫টা) শহরের কেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কয়ার এলাকায় অবস্থিত বালজি রসি রেস্তোরাঁয় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হলে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁয় উপস্থিত এক অতিথি নিহত হন।
ঘটনার সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল।
হামলার লক্ষ্যবস্তু কে ছিল, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ঘটনাটির সঙ্গে সম্ভাব্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে জল্পনা চলছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ ঘটনাকে ‘নৃশংস সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে বলেন, এতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে কিছু প্রতিবেদনে বিস্ফোরণটি রেস্তোরাঁর রান্নাঘরে ঘটেছে বলা হলেও পরে কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণটি ভবনের বাইরে ঘটে।
ঘটনার পর আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রুশ সংবাদ সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।
বালজি রসি রেস্তোরাঁ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাদের প্রাথমিক পোস্টের জন্য দুঃখ প্রকাশ করে জানায়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেটি সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে অতিথি ও জরুরি সেবাকর্মীদের সহায়তায় তারা কাজ করছে বলেও জানিয়েছে।
এমএস/