দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নৌ চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে এই জোট গঠন করা হয়েছে। এর লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
জোটের উদ্বোধনী বৈঠকে আমন্ত্রিত ৫১ দেশের মধ্যে ৪৩ দেশের প্রতিনিধি অংশ নেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। তবে নতুন এই জোটের কার্যক্রম ইইউর বিদ্যমান ‘অ্যাসপিডিস’ নৌ নিরাপত্তা মিশনের সঙ্গে কীভাবে সমন্বয় করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
জোটে স্বাক্ষরকারী দেশগুলো হলো সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরোস। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভবিষ্যতে আরও দেশ এ জোটে যোগ দিতে পারবে।
জোটের কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ অপারেশন পরিকল্পনা, যৌথ সামরিক মহড়া এবং সমন্বিত সামুদ্রিক অভিযান। তবে সদস্য দেশগুলো কী পরিমাণ সামরিক সক্ষমতা বা নৌসম্পদ জোটে যুক্ত করবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সৌদি আরবকে জোটের প্রতিষ্ঠাতা ও সদর দপ্তরের দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও সদর দপ্তরের নির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই জোট গঠন করা হয়েছে। সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা এবং সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার দাবি করেছে। একই সময়ে ইরানকে কেন্দ্র করে উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন বিপুল পরিমাণ তেল বাব আল-মান্দাব প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বিশ্লেষকদের মতে, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত সহযোগিতা জোরদার করাই নতুন জোটের প্রধান লক্ষ্য।
এমএম/