দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার সঙ্গে পাঁচ বছর ধরে চলা যুদ্ধ শীত মৌসুম শুরুর আগেই যুদ্ধবিরতির নতুন উদ্যোগের মাধ্যমে থামানোর আশা করছে ইউক্রেন। তবে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় এখনই নতুন ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনা।
বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানান, ইউক্রেন নিজ দেশে প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি পাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করছে। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে পিএসি-৩ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে এবং উৎপাদন তালিকায় অন্য কোনো ক্রেতার সঙ্গে অবস্থান বিনিময়ের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
খ্রিস্টান সায়েন্স মনিটর আয়োজিত এক অনুষ্ঠানে স্টেফানিশিনা বলেন, প্যাট্রিয়ট ব্যবস্থা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেথিয়নের কর্মকর্তারা ইতোমধ্যে ইউক্রেন সফর করেছেন। আর পিএসি-৩ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র নির্মাতা লকহিড মার্টিনও বিশেষজ্ঞদের একটি দল ইউক্রেনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, ‘প্রতিদিন রাতের হামলার ধ্বংসযজ্ঞ অবিশ্বাস্য। গত রাত এবং তার আগের রাতে ৩০ থেকে ৪০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’
স্টেফানিশিনা বলেন, ইরান ও রাশিয়ায় তৈরি ড্রোন প্রতিহত করতে ইউক্রেন সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এখনো কার্যকর সক্ষমতা গড়ে তুলতে পারেনি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্রুতগতিতে এসব ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছেন।
তার ভাষায়, ‘ইউক্রেনকে ধ্বংস করার ইচ্ছা তার রয়েছে। তাই আমরা বিভিন্ন ধরনের সক্ষমতা খুঁজছি। সব ক্ষেত্রেই আমরা সফল হয়েছি, কিন্তু এই শীতের জন্য আমাদের ক্ষেপণাস্ত্র প্রয়োজন।’
মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি রাশিয়ার বাড়তে থাকা হামলা মোকাবিলায় নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ অবসানে নতুন কূটনৈতিক উদ্যোগের বিষয়টি তুলে ধরেন।
স্টেফানিশিনা জানান, যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কিয়েভ সফর করতে পারেন। তাদের সফরের নির্দিষ্ট তারিখ ঠিক না হলেও আগামী সপ্তাহের শুরুতে বা পরে তা হতে পারে।
তিনি আরও বলেন, জেলেনস্কি বর্তমান যুদ্ধরেখা বরাবর যুদ্ধ বন্ধ করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন এবং সেটিকে আলোচনার সূচনা হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তবে শীত আসার আগেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
স্টেফানিশিনা নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর তিনি পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। ব্যক্তিগত সম্পদ ঘোষণাকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে নিজ দেশে ফিরে আত্মপক্ষ সমর্থনের জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি তার পদত্যাগ চাননি এবং তাকে দায়িত্ব ছাড়তেও বলেননি। তবে নিজের ও পরিবারের স্বার্থে দেশে ফিরে ‘নিজের মামলার পক্ষে অবস্থান নেওয়াই’ তিনি শ্রেয় মনে করছেন।
সূত্র: রয়টার্স
/অ