দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। সপ্তাহান্তে কিছুটা স্বস্তি মিললেও আগামীকাল থেকে দাবানলপ্রবণ এলাকাগুলোতে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে এবং সপ্তাহের মাঝামাঝি সময়ে তা অস্বাভাবিক উচ্চতায় পৌঁছাতে পারে।
তবে স্বস্তির বিষয় হলো, ঝোড়ো হাওয়ার তীব্রতা কমেছে এবং অন্তত মঙ্গলবার পর্যন্ত বাতাস তুলনামূলক শান্ত থাকবে। এতে পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কিছুটা বাড়তি সময় পাচ্ছেন।
ফ্রান্সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শান্তিকালীন সরিয়ে নেওয়ার অভিযান পরিচালনা করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর বোর্দোতে আশ্রয় নিতে অব্যাহতভাবে মানুষ ছুটে আসছেন। দেশটির ষষ্ঠ বৃহত্তম এই মহানগর সরাসরি হুমকির মুখে না থাকলেও আশপাশের বহু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ক্যাপ ফেরের উত্তরে অবস্থিত ৩ হাজার ৫০০ জনসংখ্যার কমিউন ল্য পোর্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিছু বাসিন্দা এলাকা ছেড়ে না গিয়ে দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহায়তা করছেন।
স্পেনে মাদ্রিদের কাছাকাছি দাবানল নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পুরোপুরি স্থিতিশীল হতে এখনও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে সতর্ক করেন তিনি।
দাবানল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক করে সানচেজ জনগণকে কেবল সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে দাবানল মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করায় ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্যুর ডি ফ্রান্স সাইকেল রেসের নিরাপত্তাকর্মীদের পুনর্বিন্যাস করেছে। এর ফলে প্রতিযোগিতার শেষ ধাপের দূরত্ব কমিয়ে আনা হয়েছে।
রোববার ক্যাস্টেল গানদোলফোতে অ্যাঞ্জেলাস প্রার্থনার সময় ফ্রান্স ও স্পেনের দাবানল-দুর্গত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন পোপ লিও চতুর্দশ।
অন্যদিকে, দাবানলের কারণে খালি করে দেওয়া একটি বাড়ি থেকে ৪৪ বোতল ওয়াইন চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।
সূত্র: সিএনএন
এমএস/