দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে নয়জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলি সংবাদমাধ্যম ও বিক্ষোভের আয়োজকদের তথ্য অনুযায়ী, শনিবার তেল আবিবের কাপলান সড়কে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ইসরায়েলি সামরিক শাসনের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে বামপন্থী হাদাশ দল ও তাদের মিত্ররা।
‘সহিংসতার বিরুদ্ধে মায়েরা’ নামের একটি সংগঠন জানায়, বিক্ষোভে ২০০ জনের বেশি মানুষ অংশ নেন। সংগঠনটির অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ করেছে এবং অন্তত নয়জনকে আটক করেছে।
অন্যদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং তা জনশৃঙ্খলা ব্যাহত করে সড়ক অবরোধের পর্যায়ে পৌঁছায়।
শুক্রবার নাবলুসের কাছে তাল শহরে বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই সংঘর্ষে দুই ইসরায়েলিও নিহত হন।
স্থানীয় ফাতাহ নেতা ইসাম সাইফি জানান, শুক্রবার অবৈধ ইসরায়েলি বসতি হাভাত গিলাদের পাশের তাল শহরে প্রায় ৩০ জন বসতি স্থাপনকারী প্রবেশ করে দুটি বাড়িতে ঢোকার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে বসতি স্থাপনকারীরা গুলি চালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্যে দেখা যায়, এক ফিলিস্তিনি একজন বসতি স্থাপনকারীর কাছ থেকে একটি রাইফেল কেড়ে নিয়ে গুলি চালান। পরে ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় আরও তিন ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হন।
রামাল্লার মানবাধিকারকর্মী উবাই আল-আবুদি আল জাজিরাকে জানান, ঘটনার এক সপ্তাহ আগে তাল শহরের একটি বাড়িতে পরিবারের সদস্যরা ভেতরে থাকা অবস্থায় বসতি স্থাপনকারীরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের দ্রুত উদ্যোগে পরিবারটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
শুক্রবারের ঘটনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার পশ্চিম তীরজুড়ে ব্যাপক সামরিক অভিযান চালানোর নির্দেশ দেয়। অভিযানে তাল শহরে প্রায় ৭০টি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ ফিলিস্তিনিকে আটক করা হয়।
ফিলিস্তিনি বন্দি বিষয়ক সংগঠন জানায়, ঘটনার পরদিন পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৮০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। সংগঠনটি এ ঘটনাকে ‘সমষ্টিগত শাস্তি’ বলে উল্লেখ করেছে।
নিহত চার ফিলিস্তিনির জানাজা ভোরের আগে সীমিত উপস্থিতিতে সম্পন্ন হয়।
রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেন, তাল শহরের ঘটনার দৃশ্য প্রকাশ্যে আসায় তা অস্বীকার করার সুযোগ কমে গেছে। তার মতে, এটি ইসরায়েলি সমাজে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে নতুন করে বিতর্কের সূচনা করতে পারে।
ফিলিস্তিনি সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৮২ ফিলিস্তিনি নিহত, ১৩ হাজার আহত এবং প্রায় ২৪ হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ