দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত ও তাঁর স্ত্রী কল্পনা দাশ। আটক ব্যক্তির নাম রিমন দাশ গুপ্ত। তিনি নিহত দম্পতির একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। শনিবার সকালে মা-বাবাকে নিয়ে বাইরে যাওয়ার পর বেলা পৌনে ১২টার দিকে তারা বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর রিমন ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাকে আঘাত করতে শুরু করেন। মাকে রক্ষা করতে গেলে বাবা স্বপন দাশ গুপ্তও হামলার শিকার হন।
স্থানীয়রা এগিয়ে এসে কল্পনা দাশকে ঘটনাস্থলে মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তাঁর মৃত্যু হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় তাঁর মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে আরেকটি মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএম/