দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রে আগুন লেগেছে। এতে বিদ্যুৎ উৎপাদন ইউনিটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।
শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলার পর আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ইউনিটগুলোর কারণে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ তৈরি হতে পারে।
এ ঘটনার পর তীব্র গরমের মধ্যে দেশটির বাসিন্দাদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে কুয়েত সরকার। সরকারের ভাষ্য, বিদ্যুৎ গ্রিড সচল রাখতে এবং কারিগরি দলগুলোকে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সহায়তা করতেই এ আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার পূর্বাভাস রয়েছে।
চলতি মাসে তেহরান-ওয়াশিংটন উত্তেজনা পুনরায় শুরু হওয়ার পর কুয়েত ইরানের হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগে এপ্রিলেও দেশটির বিদ্যুৎ ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ স্থাপনায় হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, উপসাগরীয় দেশগুলোর নিরাপদ সুপেয় পানির বড় অংশই সমুদ্রের পানি লবণমুক্ত করার মাধ্যমে সরবরাহ করা হয়। কুয়েত ও ওমানে মোট মিঠাপানির প্রায় ৯০ শতাংশ, বাহরাইনে ৮৫ শতাংশ এবং সৌদি আরবে প্রায় ৭০ শতাংশই ডিস্যালিনেশন প্ল্যান্টের ওপর নির্ভরশীল। আবুধাবি, দুবাই, দোহা, কুয়েত সিটি ও জেদ্দার মতো বড় শহরগুলোও প্রায় পুরোপুরি এই ব্যবস্থার ওপর নির্ভর করে।
সূত্র: সিএনএন
এমএস/