দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান আরও বিস্তৃত করেছে বলে দাবি করেছে ইরান। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত মধ্যপ্রাচ্যের সাতটি দেশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির দাবি, প্রথমবারের মতো সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং ওমানে রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব তথ্য দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে।
সিরিয়ার ক্ষেত্রে আইআরজিসি জানায়, ইরাক সীমান্তসংলগ্ন আল-তানফে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে গত ফেব্রুয়ারিতে ওই ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের খবর প্রকাশিত হয়েছিল।
ওমানে সালামাহ রকস এলাকায় একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ রাডার এবং ঘানাম এলাকায় যুক্তরাষ্ট্রের একটি বিমান নিয়ন্ত্রণ রাডার ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। তবে ওমানের পক্ষ থেকে কোনো স্থাপনায় হামলার তথ্য নিশ্চিত করা হয়নি।
জর্ডানে উত্তরাঞ্চলের একটি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
কুয়েতে একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে আইআরজিসি। কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একটি বিদ্যুৎ ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ কেন্দ্রে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার একাধিক হামলা প্রতিহত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভূপাতিত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক শিশু আহত হয়েছে। আইআরজিসি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলার দাবি করলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
বাহরাইনে, যেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে, সেখানেও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দুই দফা সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইরানবিরোধী একটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর নয় সদস্য নিহত হয়েছে বলে গোষ্ঠীটির এক কর্মকর্তা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হামলার খবর প্রকাশ করলেও এ ঘটনায় আইআরজিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করা হয়নি।
সূত্র: সিএনএন
/অ