দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের পার্লামেন্ট দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তা সের্গেই কোরেৎস্কিকে অনুমোদন দিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষিত বৃহত্তর মন্ত্রিসভা পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনি যুদ্ধকালীন ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।
প্রকৌশলী ও অর্থনীতিবিদ হিসেবে প্রশিক্ষিত ৪৮ বছর বয়সী কোরেৎস্কি এর আগে কখনো সরকারি পদে ছিলেন না। একই সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গেও তার সরাসরি সম্পর্ক নেই। বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে নিরপেক্ষ এই অবস্থান তার জন্য সুবিধা হতে পারে।
পেন্টা থিংক ট্যাংকের পরিচালক ভলোদিমির ফেসেঙ্কো বলেন, দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিচিতি এবং রাজনৈতিক নিরপেক্ষতার সমন্বয় কোরেৎস্কিকে এগিয়ে রাখবে।
জ্বালানি খাতে দুই দশকের অভিজ্ঞতা
কোরেৎস্কি তেল উৎপাদন, পরিশোধন, জ্বালানি খুচরা ও পাইকারি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অর্থায়ন খাতে ২০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিচিত জ্বালানি কর্মকর্তা।
২০২৫ সালের মে মাস থেকে তিনি ইউক্রেনের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাফটোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি দেশটির গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহ ব্যবস্থার বড় অংশ পরিচালনা করে।
এর আগে তিনি নাফটোগাজ গ্রুপের অংশ ইউক্রেনের বৃহত্তম তেল কোম্পানি উক্রনাফটার প্রধান ছিলেন।
রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানগুলোতে যোগ দেওয়ার আগে কোরেৎস্কি ওয়েস্টার্ন অয়েল গ্রুপের নেতৃত্ব দেন। তিনি কন্টিনিউম গ্রুপ এবং ইউক্রেনের অন্যতম বড় জ্বালানি স্টেশন চেইন ডব্লিউওজির প্রধান নির্বাহী হিসেবেও কাজ করেছেন।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লুতস্কে জন্ম নেওয়া কোরেৎস্কি একটি কফি চেইন ব্যবসাও প্রতিষ্ঠা করেছিলেন।
গত শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলার পর নতুন প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান কাজ হবে দেশকে আগামী শীতের জন্য প্রস্তুত করা।
এদিকে রুশ হামলা অব্যাহত থাকায় এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির মুখে রয়েছে কিয়েভ।
জেলেনস্কি বুধবার সাংবাদিকদের বলেন, আগামী শীতের প্রস্তুতি সরকারের প্রধান অগ্রাধিকার।
সূত্র: রয়টার্স
/অ