দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটি জাহাজে হামলার ঘটনার পর হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে দেশটি সতর্ক করে বলেছে, এ ঘটনায় যেকোনো প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব ‘কঠোরভাবে’ দেওয়া হবে।
রোববার এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী জানায়, সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করে অনুমোদনহীন পথে চলাচল করা একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। তবে জাহাজটির পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আইআরজিসির দাবি, কয়েকটি জাহাজ সতর্কবার্তা উপেক্ষা করে ‘অননুমোদিত রুটে’ চলাচলের চেষ্টা করেছিল। এ কারণে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এবং ‘অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং প্রয়োজন হলে অঞ্চলে নতুন শত্রু ঘাঁটিতেও হামলা চালানো হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের কাছে প্রকাশ্যে ঘোষণা চেয়েছে যে, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ করা হবে এবং কোনো ধরনের শুল্ক ছাড়াই সব নৌপথ উন্মুক্ত রাখা হবে।
এ পরিস্থিতিতে ওমান, কাতার ও পাকিস্তারের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরুর চেষ্টা চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার সম্ভাব্য ব্যবস্থা নিয়ে বৈঠক করেছেন।
বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে এবং তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
সূত্র: রয়টার্স
এমএস/