দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে সাম্প্রতিক হামলার পর ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ওয়াশিংটন সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক নৌযানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর পরিণতি ভোগ করতে হবে।
নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে যায়।
গত মাসে তেহরান-ওয়াশিংটনের সমঝোতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমতি দিয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত করা হয়েছে।
এর আগে হরমুজ প্রণালি ও এর আশপাশে তিনটি তেলবাহী জাহাজ অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, প্রাথমিক তথ্য-প্রমাণে ধারণা করা হচ্ছে, তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। তবে একই সঙ্গে তিনি জানান, সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচকরা সদিচ্ছা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
বিশ্লেষকদের মতে, জাহাজে হামলা এবং এর জবাবে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা তেহরান-ওয়াশিংটনের সাম্প্রতিক কূটনৈতিক সমঝোতাকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে। পাল্টাপাল্টি পদক্ষেপ চলতে থাকলে বৃহত্তর কোনো চুক্তি নিয়ে আলোচনাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো। এ পথ দীর্ঘ সময় বিঘ্নিত হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে এবং ভোক্তা ও বিভিন্ন দেশের সরকারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
অন্যদিকে, ইরানের অর্থনীতির জন্য তেল রপ্তানি অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রার উৎস। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে চীনে, তেল রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে তেহরান। তাই নতুন নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে।
জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান র্যাপিডান এনার্জি গ্রুপের প্রধান বব ম্যাকন্যালি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধবিরতি তেলের বাজার যতটা স্থায়ী বলে ধরে নিয়েছিল, বাস্তবে ততটা শক্ত ভিত্তির নয়। তাঁর মতে, বাজারকে এখন নতুন করে ঝুঁকির মূল্যায়ন করতে হবে।
সূত্র: রয়টার্স
এমএস/