দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার স্ত্রী বুশরা বিবি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) পাঞ্জাবের অ্যাটক কারাগারে তাদের সাক্ষাৎ হয়। সেখানে প্রায় আধা ঘণ্টা তারা নিজেদের মধ্যে কথা বলেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের আইনজীবী নায়িম হায়দার পাঞ্জুথা।
তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান (৭০) এবং তার স্ত্রীর সাক্ষাৎ হয়েছে। তারা প্রায় আধা ঘণ্টা নিজেদের মধ্যে কথা বলেছেন। তিনি বলেন, বুশরা বিবি সেখানে আধা ঘণ্টা অবস্থান করেছেন।
এদিকে বুশরা বিবি বলেন, খান সাহেব পুরোপুরি ভালো আছেন। কিন্তু তাকে নিম্নমানের সেলে রাখা হয়েছে। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আইনজীবী দলকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আমরা আগামীকাল (শনিবার) এ বিষয়টি হাইকোর্টে উপস্থাপন করবো।
ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির (৪৮) বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) তাকে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন বলে জানান পাঞ্জুথা।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি জরিমানা করেন স্থানীয় একটি আদালত। এর পরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। পিটিআইয়ের পক্ষ থেকে ইমরান খানকে আদিয়ালা কারাগারে নেওয়ার আবেদন জানানো হলেও তাকে পাঠানো হয় কুখ্যাত অ্যাটক কারাগারে।
এফএইচ