দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজ জানিয়েছে, শোকানুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর ভারতের পক্ষ থেকে সমবেদনা জানাতে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেছিলেন।
ভারত দীর্ঘদিন ধরেই ইরানকে তার বিস্তৃত প্রতিবেশী অঞ্চলের অংশ হিসেবে বিবেচনা করে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও রয়েছে।
পশ্চিম এশিয়ায় ৪০ দিনের সংঘাত চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
এদিকে, নাজুক যুদ্ধবিরতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন।
সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষ করে দিল্লিতে আয়োজিত ব্রিকস-সংশ্লিষ্ট বৈঠকগুলোতে অংশ নিতে ইরানের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার ভারত সফর করেছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হবে, যা চলবে ৬ জুলাই পর্যন্ত।
এরপর ৭ জুলাই শ্রদ্ধা নিবেদনের জন্য অনুষ্ঠানটি পবিত্র শহর কোমে স্থানান্তর করা হবে।
সবশেষে আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে, যা খামেনির জন্মস্থান, সেখানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এমএস/