দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পারমাণবিক কর্মসূচি ও বিদেশে আটকে থাকা সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে মতবিরোধ দেখা দিয়েছে। দুই দেশ গত সোমবার সুইজারল্যান্ডে প্রাথমিক দফার আলোচনার পর যে শান্তিচুক্তির কাঠামো ঘোষণা করে, তার বাস্তবায়ন নিয়েই এখন প্রশ্ন উঠছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দাবি করেন, ইরান দীর্ঘমেয়াদে ‘অনির্দিষ্টকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে। তবে তেহরান এই দাবি সরাসরি অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই আলোচনার বিভিন্ন দিক—বিশেষ করে আর্থিক সুবিধা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং লেবাননে চলমান সংঘাত—নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান জানাচ্ছে। গত সপ্তাহে উভয় পক্ষ যে কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করে, তা মূলত যুদ্ধ শেষ করার লক্ষ্যেই তৈরি করা হয়।
ট্রাম্প বলেন, ‘ইরান দীর্ঘ ভবিষ্যৎজুড়ে সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনে পুরোপুরি সম্মত হয়েছে।’
তবে ইরান জানায়, তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের ছাড় দেয়নি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ফেরার বিষয়েও কোনো আলোচনা হয়নি।
চুক্তি অনুযায়ী, ইরানের বিদেশে জব্দ থাকা অর্থ ছাড়ের বিষয়টিও আলোচনায় রয়েছে। ট্রাম্পের দাবি, এসব অর্থ যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও ওষুধ কিনতে ব্যবহার করা হবে। তবে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি বলেছেন, এই অর্থ কীভাবে ব্যবহার হবে তা ইরান নিজেই নির্ধারণ করবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে তেল ও সংশ্লিষ্ট পণ্য বিক্রির সুযোগ দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালি নিয়ে বিরোধও অব্যাহত রয়েছে। ইরান ও ওমান যৌথভাবে জানিয়েছে, তারা এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের সার্বভৌম অধিকার বজায় রেখে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, কোনো চুক্তির অংশ হিসেবে ইরান এখানে শুল্ক আরোপ করতে পারবে না।
চুক্তিতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের লেবানন যুদ্ধ নিয়েও মতবিরোধ রয়ে গেছে। ইরান বলছে, ইসরায়েলকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে, কিন্তু ইসরায়েল নিরাপত্তা বলয় বজায় রাখার অবস্থান নিয়েছে।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি গুলিতে দুইজন নিহত হয়েছেন। হিজবুল্লাহ এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিযোগ করেছে।
সব মিলিয়ে যুদ্ধ অবসানের লক্ষ্যে ঘোষিত এই কাঠামোগত চুক্তি শুরুতেই বাস্তবায়ন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।
সূত্র: রয়টার্স
/অ