দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হিজবুল্লাহর সঙ্গে আংশিক যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে চুক্তি অনুযায়ী বৈরুত লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
লেবাননের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত সমঝোতা অনুযায়ী ইসরায়েল বৈরুত শহরে বোমাবর্ষণ করবে না, বিনিময়ে হিজবুল্লাহও ইসরায়েলে হামলা বন্ধ রাখবে।
তবে যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর ইসরায়েলে নিক্ষিপ্ত দুটি প্রজেক্টাইল তারা প্রতিহত করেছে। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় টাইর শহরের জাবাল আমেল হাসপাতালের পাশের ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং ১২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যানবাহন ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান ডা. ওয়ায়েল ম্রুয়েহ বলেন, ‘কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ বিস্ফোরণ ঘটে। আমরা রোগী ও বাস্তুচ্যুত মানুষের সেবায় ব্যস্ত ছিলাম।’
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ওই এলাকায় ‘হিজবুল্লাহ-সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হাসপাতালকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি বলেও দাবি তাদের।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলায় ১২৮ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।
এদিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে নতুন করে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তারা ওই এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে বাধ্য হচ্ছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি ট্যাংক ও সেনা অবস্থানে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দেশে ৩ হাজার ৪৬৮ জন নিহত হয়েছেন এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেবাননের দূতাবাস জানিয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহ আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যার আওতায় বৈরুত লক্ষ্য করে বড় ধরনের হামলা বন্ধ রাখা হবে। তবে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
এমএস/