দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। এ বিষয়ে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে।
বুধবার ভোরের দিকে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়, মধ্যরাতে কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘কুয়েতের কোনো স্থাপনায় শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত করেনি। মধ্যরাতে যে শব্দ শোনা গেছে, তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শব্দ।’
তবে এই বিবৃতির পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর বক্তব্যকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছে ইরানের অভিজাত সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। সংস্থাটি দাবি করেছে, কুয়েতের মার্কিন ঘাঁটিতে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।
এর আগে গত ১ জুনও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে দাবি করে বিভিন্ন সূত্র। সে সময় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরান থেকে নিক্ষিপ্ত দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।
এদিকে কুয়েতের পাশাপাশি বাহরাইনে মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করেও একই সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে বাহরাইন কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ জানায়, পারস্য উপসাগরের কেশম দ্বীপের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ পরই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি সামনে আসে।
এমএস/