দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান আরও সম্প্রসারণ করেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলের দাবি করেছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, জাহরানি নদীর দক্ষিণে অবস্থানরত সবাইকে দ্রুত এলাকা ত্যাগ করতে হবে। আইডিএফের মুখপাত্র বলেন, ‘হিজবুল্লাহর সদস্য, স্থাপনা বা যুদ্ধ সরঞ্জামের কাছাকাছি অবস্থানকারীরা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন।’
এ সতর্কবার্তার কিছুক্ষণ পরই আইডিএফ নিশ্চিত করে যে, লিতানি নদীর ওপর অবস্থিত কৌশলগত বিউফোর্ট দুর্গ তাদের নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনীর দাবি, উল্লেখযোগ্য সংখ্যক স্থলসেনা অভিযানে অংশ নিয়েছে এবং অভিযান আরও নতুন এলাকায় সম্প্রসারিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এটি স্পষ্ট ইঙ্গিত যে ইসরাইলি বাহিনী লিতানি নদীকে কার্যত অতিক্রম করে লেবাননের আরও গভীরে প্রবেশ করছে। প্রায় ৯০০ বছর আগে ক্রুসেডারদের নির্মিত বিউফোর্ট দুর্গটি দীর্ঘদিন ধরেই অঞ্চলটির অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দুর্গ দখলকে ‘ঐতিহাসিক ও প্রতীকী বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ৪৪ বছর আগে যে গোলানি ব্রিগেড দুর্গটি দখল করেছিল, তারাই আবার সেখানে ইসরাইলের পতাকা উত্তোলন করেছে।
অন্যদিকে লেবাননের জন্য এটি সাম্প্রতিক সময়ে হারানো আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। একই সঙ্গে উত্তরাঞ্চলের নাবাতিয়েহ শহরেও ইসরাইলি হামলা ও সামরিক তৎপরতা বেড়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ইসরাইল বলছে, হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির জবাব হিসেবেই তাদের সামরিক অভিযান জোরদার করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, নতুন সংঘর্ষে তাদের আরও এক সেনা নিহত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে ইসরাইলের কয়েকটি স্কুলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
শনিবার হিজবুল্লাহ সীমান্তবর্তী এলাকায় প্রায় ২৫টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরাইল। এ ঘটনায় দেশটির বিরোধী রাজনৈতিক নেতারা সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ওপর চাপ বাড়িয়েছেন।
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক টেলিভিশন ভাষণে দক্ষিণাঞ্চলে ইসরাইলের কর্মকাণ্ডকে ‘পোড়ামাটি নীতি’ ও ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তবে উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরাইল ও লেবানন সরকারের প্রতিনিধিদের মধ্যে চতুর্থ দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও হিজবুল্লাহ এ আলোচনায় অংশ নিচ্ছে না।
গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর হিজবুল্লাহর রকেট হামলার জেরে নতুন করে সংঘাত শুরু হয়। লেবাননের তথ্য অনুযায়ী, এরপর থেকে দেশটিতে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর ২৫ সদস্য নিহত হওয়ার তথ্য জানিয়েছে তেল আবিব।
এমএস/