দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে ১৩ ফুট লম্বা গ্রেট হোয়াইট হাঙরের হামলায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে পার্থ শহরের কাছে জনপ্রিয় পর্যটন এলাকা রোটনেস্ট আইল্যান্ডের উত্তর-পশ্চিমে হর্সশু রিফ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পর নৌকায় করে ওই ব্যক্তিকে দ্রুত তীরে আনা হয়। পরে জিওর্ডি বে জেটিতে প্যারামেডিক ও পুলিশ সদস্যরা তাকে সিপিআর দেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পশ্চিম অস্ট্রেলিয়ার প্রাইমারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট বিভাগ জানিয়েছে, গ্রেট হোয়াইট হাঙরের কামড়ে ওই ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে তারা রিপোর্ট পেয়েছে। একই সঙ্গে ওই এলাকার পানিতে চলাচলে জনসাধারণকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
গত বছরের মার্চের পর পশ্চিম অস্ট্রেলিয়ায় এটিই প্রথম প্রাণঘাতী হাঙর হামলার ঘটনা। সে সময় একটি নির্জন সৈকতে সার্ফিং করার সময় এক ব্যক্তি হাঙরের আক্রমণের শিকার হয়েছিলেন।
১৭৯১ সাল থেকে অস্ট্রেলিয়ায় প্রায় এক হাজার ৩০০টি হাঙর হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৬০টির বেশি ঘটনায় প্রাণহানি ঘটে।
চলতি বছরের জানুয়ারিতে নিউ সাউথ ওয়েলস উপকূলে দুই দিনের মধ্যে চারটি হাঙর হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছিল ১২ বছর বয়সী নিকো অ্যানটিক, যে সিডনি হারবারে পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার পর সন্দেহভাজন বুল শার্কের হামলার শিকার হয়েছিল। এক সপ্তাহ পর তার মৃত্যু হয়।
এমএস/