দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওমান সাগর থেকে ‘ওশেন কোই’ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরান। ইরানের দাবি, জাহাজটিতে দেশটির তেল বহন করা হচ্ছিল এবং তেল রপ্তানিতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
শুক্রবার (৮ মে) ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বার্বাডোজের পতাকাবাহী ট্যাংকারটি আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে ইরানের তেল রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল। তবে কীভাবে এ চেষ্টা চালানো হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।
ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি থেকেই ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। পরে ইরানি নৌবাহিনী জাহাজটিকে ওমান সাগর থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে নিয়ে যায়। এরপর সেটি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা ফার্স নিউজ।
এর আগে বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া যায়। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। এর একদিন পরই ট্যাংকার জব্দের ঘটনা ঘটল।
ওমান সাগর আরব উপসাগরকে বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ হিসেবে পরিচিত।
এমএস/