দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত ও তানজানিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৫–২৬ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৯.০২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরে ছিল ৮.৬৪ বিলিয়ন ডলার।
এই অগ্রগতির প্রেক্ষাপটে গত ২৯ ও ৩০ এপ্রিল তানজানিয়ার দার এস সালামে অনুষ্ঠিত হয় ভারত–তানজানিয়া যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) ৫ম অধিবেশন। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল এবং তানজানিয়ার পররাষ্ট্র ও পূর্ব আফ্রিকা সহযোগিতা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব অ্যাম্বাসেডর ড. সামওয়েল উইলিয়াম শেলুকিন্দো যৌথভাবে বৈঠকে সভাপতিত্ব করেন।
ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়, “আলোচনা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যা ভারত ও তানজানিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।”
বৈঠকে স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি, ভারতীয় ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি বিজনেস ভিসা সহজীকরণ, ওষুধ শিল্পে নিয়ন্ত্রক সহযোগিতা জোরদার এবং স্বাস্থ্য, আয়ুষ, শিক্ষা ও জাহাজ নির্মাণ খাতে সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এছাড়া খনিজ সম্পদ খাতে যৌথ উদ্যোগ, ভূতাত্ত্বিক অনুসন্ধান, রত্নপাথর শিল্পে মূল্য সংযোজন, রত্ন রপ্তানি সংক্রান্ত নীতিগত উন্নয়ন এবং দক্ষতা উন্নয়ন নিয়েও মতবিনিময় হয়।
ডিজিটাল সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশ বিদ্যমান সমঝোতা স্মারকের আওতায় অগ্রগতি পর্যালোচনা করে। বিশেষ করে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ‘ইন্ডিয়া স্ট্যাক’, রিয়েল-টাইম পেমেন্ট ব্যবস্থা, ডিজিলকার ও ডিজিটাল সেবায় সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ই-কমার্স খাতে অভিজ্ঞতা বিনিময় ও নিয়ন্ত্রক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক ভারত ও তানজানিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এমএস/