দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ইরান দ্রুত যুদ্ধবিরতিতে রাজি না হলে এবং হরমুজ প্রণালী খুলে না দিলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আলোচনা অনেকটা এগিয়েছে এবং একটি চুক্তির কাছাকাছি পৌঁছানো গেছে। তবে কোনো কারণে চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র ও খারগ দ্বীপসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে। তিনি আরও বলেন, প্রয়োজনে ইরানের পানি শোধনাগারগুলোও লক্ষ্যবস্তু করা হতে পারে।
মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এই প্রণালী দ্রুত খুলে দেওয়ার জন্যই ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে।
এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে কুয়েতে একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলার ঘটনাও ঘটেছে, যা ইরান-সম্পর্কিত বলে দাবি করা হয়েছে। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে জ্বালানি ও পানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং সময়মতো তা না হলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানোর হুমকিও দেন।
এমএস/