দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় তিনি ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করতে মস্কোকে অনুরোধ করেছেন। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানের পথ তৈরি হতে পারে বলে আশা তাঁর।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, চীনে পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি ইউরোপজুড়ে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধের বিষয়ে অনেকক্ষণ কথা বলেছেন। তাঁর আশা, এতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি সম্ভব হবে।
ট্রাম্প বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, এটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রতি মাসেই হাজার হাজার মানুষ নিহত হচ্ছেন। এটি পুরোপুরি রক্তক্ষয়ী পরিস্থিতি।’
ইউক্রেন যুদ্ধের আলোচনার মাধ্যমে অবসানের আহ্বান ট্রাম্প আগেও জানিয়েছেন। তবে ‘ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ডে’ সামরিক আগ্রাসন বন্ধের কথা বলে তিনি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরের এলাকাকেও ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। তবে পুতিনকে ঠিক কোন ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর বিভিন্ন দেশ মাঝেমধ্যে মস্কোর বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে।
বৃহস্পতিবার পরে ট্রাম্প আবারও বলেন, পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে চান। তবে রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে পারস্পরিক বৈরিতাকে আলোচনার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো ক্লাবে থ্যাংকসগিভিং ছুটি কাটানোর সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সমঝোতার পথে সবচেয়ে বড় সমস্যা হলো, দুই নেতা একে অপরকে সত্যিই ঘৃণা করেন।’
আগামী মাসে ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন অংশ নেবেন কি না, তা তিনি জানেন না বলেও জানান ট্রাম্প। ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় ওই সম্মেলনে রুশ প্রেসিডেন্টের যোগ দেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তবে ট্রাম্প বলেন, ‘সিদ্ধান্তটা আমার হাতে থাকলে আমি তাঁকে আমন্ত্রণ জানাতে চাইতাম।’
বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, ন্যাটোর সদস্য পোল্যান্ড এ সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দেশটির আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে। অন্যদিকে, এস্তোনিয়া সম্প্রতি একটি অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার কথা জানিয়েছে।
গত সপ্তাহে চীনের শেনজেনে এপেক নেতাদের বৈঠকের ফাঁকে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ ও বৃহত্তর নিরাপত্তা ইস্যুতে সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ ছিল এই বৈঠক। এ ছাড়া পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলনেও অংশ নেন ট্রাম্প। তাঁর প্রশাসনের দাবি, দুই নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ বৈশ্বিক উত্তেজনা কমাতে সহায়তা করতে পারে। তবে সমালোচকদের প্রশ্ন, সংঘাত বন্ধে মস্কোর ওপর যথেষ্ট চাপ দিচ্ছে কি না ওয়াশিংটন।
এদিকে, ট্রাম্পের জামাতা ও কূটনৈতিক দূত জ্যারেড কুশনার বুধবার এক পডকাস্ট সাক্ষাৎকারে পুতিনকে ‘রাজনীতির মহাগুরু’ ও ‘ঐতিহাসিক ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেছেন।
জার্মান গণমাধ্যম প্রতিষ্ঠান অ্যাক্সেল স্প্রিংগারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডফনারকে দেওয়া ওই সাক্ষাৎকারে কুশনার বলেন, ইউক্রেন যুদ্ধ ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন। তাঁর বিশ্বাস, পুতিন শান্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি চান।
সূত্র: রয়টার্স
এমএস/