দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার প্রচেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।। বুধবার (২ আগস্ট) বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। স্থানীয় সময় মঙ্গলবার (১ আগস্ট) তিনি ওয়াশিংটন ডিসিতে ৪৫ পাতার ওই অভিযোগপত্রটি দাখিল করেন।
এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে পরাজিত হয়েও ট্রাম্প ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন। এ কারণে ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পরে তিনি ফলাফলে জালিয়াতি হয়েছে দাবি করেন এবং প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন বলে মিথ্যা বলছিলেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। জালিয়াতির অভিযোগ তুলে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ফলাফল মানতে রাজি না হওয়ায় বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) হামলা চালায়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নেতৃত্বদানকারী বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি (কংগ্রেস ভবনে) ওই হামলা ছিল আমেরিকান গণতন্ত্রের আসনে একটি ভয়ংকর আক্রমণ।
এর আগে গত মার্চ ও জুনে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। এর মধ্যে মার্চে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। আর জুনে যুক্তরাষ্ট্রের ‘সরকারি গোপন নথি’ নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ আনা হয় ট্রাম্পের বিরুদ্ধে।