দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দুটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। স্থানীয় সময় শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইরানের উপকূল থেকে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত ঘাঁটিটির দিকে নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্রের কোনোটিই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে বিকল হয়ে পড়ে এবং অন্যটির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের আধা-সরকারি মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, ডিয়েগো গার্সিয়ায় ‘দখলদারদের সামরিক ঘাঁটি’ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং এটিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ডিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের অংশ এবং এটি যুক্তরাষ্ট্রের ভারী বোমারু বিমানের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। ১৯৭০-এর দশকে সোভিয়েত প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সেখানে বড় সামরিক স্থাপনা গড়ে তোলে, যা পরবর্তীতে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাম্প্রতিক একটি চুক্তি অনুযায়ী, চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান থাকলেও ডিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটিটি ৯৯ বছরের লিজের মাধ্যমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য বহাল থাকবে।
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস, পেন্টাগন বা যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/