দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় অর্ধেক আমেরিকান মনে করে আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ‘সম্পূর্ণ ধসের’ মুখোমুখি হবে। আমেরিকানরা তাদের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্ভাব্য হুমকি বা গৃহযুদ্ধের আশঙ্কার চেয়ে অর্থনীতি নিয়ে বেশি চিন্তিত।
বুধবার (১৮ মার্চ) ইউগভ প্রকাশিত জরিপের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
জরিপে ৪২ শতাংশ অংশগ্রহণকারীর মতে, আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের পুরো অর্থনীতি ধসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বা কিছুটা রয়েছে। অন্যদিকে ৩৮ শতাংশ উত্তরদাতা এই পরিণতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন।
অর্থনৈতিক এই উদ্বেগ ডেমোক্র্যাটদের মধ্যে অনেক বেশি দেখা গেছে, যাদের মধ্যে ৫৩ শতাংশ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন। এর বিপরীতে রিপাবলিকানদের মাত্র ২৮ শতাংশ এই আশঙ্কা প্রকাশ করেছেন।
অনেক উত্তরদাতা মনে করেন, অভ্যন্তরীণ অর্থনীতি ইতিমধ্যেই ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। ৪৩ শতাংশ বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে মন্দার মধ্যে রয়েছে, যার মধ্যে ৫৮ শতাংশ ডেমোক্র্যাট এবং মাত্র ২১ শতাংশ রিপাবলিকান অংশগ্রহণকারী রয়েছেন।
এ ছাড়া ৫০ শতাংশ উত্তরদাতা বলেছেন, অর্থনীতির সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগ্যতার ওপর তাদের মোটেও আস্থা নেই। ৩২ শতাংশ বলেছেন, অর্থনীতির বিষয়ে প্রেসিডেন্টের ওপর তাদের অনেক আস্থা আছে এবং ১৮ শতাংশ বলেছেন তাদের সামান্য আস্থা রয়েছে।
১ হাজার ১১১ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর ২৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে এই জরিপটি চালানো হয়। এর প্রতিবেদন এমন এক সময়ে এলো যখন ইরানের সঙ্গে যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা জাগিয়ে তুলেছে।
এই সংঘাতের ফলে বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে ট্যাঙ্কার চলাচল স্থবির হয়ে পড়েছে, যা গত কয়েক সপ্তাহে তেলের দাম কয়েকবার ব্যারেল প্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যেতে সাহায্য করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জ্বালানির এই বর্ধিত মূল্য সম্ভবত পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে, যা মুদি পণ্যের দাম, শিপিং এবং বিমান ভাড়ার ওপর প্রভাব ফেলবে।
অন্যান্য সাম্প্রতিক সূচকগুলো ইঙ্গিত দিচ্ছে যে অর্থনীতি ধীরগতিতে চললেও চাপের লক্ষণ স্পষ্ট।
বাণিজ্য বিভাগ গত শুক্রবার জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মার্কিন অর্থনীতি বার্ষিক ০.৭ শতাংশ হারে ধীরগতিতে বৃদ্ধি পেয়েছে, যা তাদের আগের পূর্বাভাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।
জিডিপি প্রবৃদ্ধি গত বছরের তৃতীয় প্রান্তিকে ৪.৪ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে ৩.৮ শতাংশ থেকে কমেছে। এমনকি চতুর্থ প্রান্তিকের এই পরিসংখ্যান সরকারের প্রাথমিক ১.৪ শতাংশ অনুমানের অর্ধেক ছিল।
শ্রম বিভাগ গত সপ্তাহে আরও জানিয়েছে, মার্কিন নিয়োগকর্তারা গত মাসে ৯২ হাজার কর্মসংস্থান ছাঁটাই করেছেন, যার ফলে বেকারত্বের হার বেড়ে ৪.৪ শতাংশে দাঁড়িয়েছে।
শ্রম বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মূল্যস্ফীতি অনেকাংশে স্থিতিশীল রয়েছে এবং ফেব্রুয়ারি মাসে ভোক্তা মূল্য আগের বছরের তুলনায় ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বুধবার ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রেখেছে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল ইরান যুদ্ধ শ্রমবাজারের ওপর কেমন প্রভাব ফেলবে সে বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
পাওয়েল বলেন, ‘আমি সত্যিই যে বিষয়টি জোর দিয়ে বলতে চাই তা হলো—আসলে কেউ জানে না (কী হতে যাচ্ছে)।’