দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় ইরান যুদ্ধ দশম দিনে গড়িয়েছে। চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, পাশাপাশি বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে।
যুদ্ধ শুরুর এক সপ্তাহের বেশি সময় পর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার ঘোষণা করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানসহ দেশটির রাজনৈতিক নেতারা এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।
ইরানি সেনাবাহিনীর দাবি, গত সপ্তাহে শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০৪ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।
এদিকে যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ দশমিক ৫০ ডলারে পৌঁছে যায়। পরে সোমবার তা কিছুটা কমে ১১২ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়, যা এখনও ১০০ ডলারের অনেক ওপরে রয়েছে।
উপসাগরীয় দেশগুলোতে উত্তেজনা
কাতার সরকার সোমবার ভোরে নিরাপত্তা সতর্কতা জারি করে জানায়, হুমকির মাত্রা বেড়েছে। কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কাতারগামী ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের সশস্ত্র বাহিনী।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুব আল-খালি মরুভূমির ওপর দিয়ে শাইবা তেলক্ষেত্রের দিকে আসা একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র রিয়াদে কর্মরত জরুরি নয় এমন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। রোববার মধ্যাঞ্চলের খারজ শহরে হামলায় দুই বাংলাদেশি নিহত এবং আরও ১২ জন আহত হন।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মামির এলাকায় একটি স্থাপনায় ইরানি হামলার ফলে আগুন লাগে, যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির জবাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
ইসরায়েলে হামলা ও পাল্টা হামলা
সোমবার ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেয় ইরান। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কয়েকটি এলাকায় পড়ে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিমানবাহিনীর সদর দপ্তর ধ্বংস করেছে।
যুক্তরাষ্ট্র ও লেবানন-সাইপ্রাস পরিস্থিতি
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের হামলায় আহত এক সেনার মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত আটজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।
অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতের গোবেইরি এলাকায় ইসরায়েলি হামলার ভিডিও প্রকাশ করেছে আল জাজিরা। এতে বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, চলতি মাসের শুরুতে দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েল সাদা ফসফরাস ব্যবহার করেছে—যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।
এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির কারণে উত্তর সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/