দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ আমেরিকার দেশ পেরু আবারও রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে। ক্ষমতা গ্রহণের মাত্র চার মাসের মাথায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোসে জেরিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হয়েছে।
পেরুর কংগ্রেস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ৭৫–২৪ ভোটে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। অভিযোগ, জেরি সরকারি সূচির বাইরে চীনা ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। গত বছরের অক্টোবর মাসে সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে অপসারিত হওয়ার পর দায়িত্ব নেওয়া জেরিও দুর্নীতির অভিযোগ এড়াতে পারেননি।
স্থানীয়ভাবে ‘চিফা-গেট’ নামে পরিচিত কেলেঙ্কারির সূত্রপাত একটি চীনা-পেরুভিয়ান ফিউশন রেস্টুরেন্টকে ঘিরে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে প্রেসিডেন্ট জেরি হুডি পরে গোপনে চীনা ব্যবসায়ী ঝিহুয়া ইয়াং-এর সঙ্গে বৈঠক করছেন। ওই বৈঠকে একজন অবৈধ কাঠ পাচারের অভিযোগে গৃহবন্দী চীনা নাগরিকও উপস্থিত ছিলেন।
পেরুর আইন অনুযায়ী প্রেসিডেন্টের সব অফিসিয়াল কার্যক্রম নথিভুক্ত করা বাধ্যতামূলক হলেও, এসব বৈঠকের কোনো রেকর্ড প্রকাশ হয়নি। আরও অভিযোগ উঠেছে, গভীর রাতে সরকারি প্রাসাদে কয়েকজন নারীর সঙ্গে সাক্ষাতের পর তাদের নামে সরকারি চুক্তি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ঘটনায় অ্যাটর্নি জেনারেল দুর্নীতির তদন্ত শুরু করলে প্রেসিডেন্ট জেরি চাপে পড়েন।
জেরি সব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র দাবি করলেও কংগ্রেস সদস্য রুথ লুক বলেন, নাগরিকরা আর হুডি-পরা নেতা ও গোপন স্বার্থের রাজনীতি দেখতে চায় না।
আগামী এপ্রিলে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কংগ্রেস নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাছাইয়ের প্রস্তুতি শুরু করেছে। বারবার নেতৃত্ব পরিবর্তন ও দুর্নীতির পুনরাবৃত্তি পেরুর গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
এমএস/