দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় শান্তি ও নিরাপত্তা ফেরাতে পাঁচটি মুসলিমপ্রধান দেশ সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের কমান্ডার এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর উদ্যোগে গঠিত তথাকথিত বোর্ড অব পিসের এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জেনারেল জ্যাসপার জেফার্সকে বোর্ড অব পিসের অধীনে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে তিনি জানান, গাজা মিশনে ইন্দোনেশিয়ার কন্টিনজেন্ট উপ-কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেছে। তার ভাষ্য, প্রাথমিক পদক্ষেপের মাধ্যমে গাজার প্রয়োজনীয় নিরাপত্তা ফিরিয়ে আনতে সহায়তা করা হবে।
বৈঠকে অংশ নিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো বলেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠায় তার দেশ সর্বোচ্চ আট হাজার সদস্য পাঠাবে।
কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ জানান, চিকিৎসা ইউনিটসহ নির্দিষ্টসংখ্যক সেনা গাজায় পাঠানো হবে। মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাশের বুরিতা বলেন, তার দেশ গাজায় পুলিশ সদস্য মোতায়েন করতে প্রস্তুত। আলবেনিয়ার প্রধানমন্ত্রীও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া ফিলিস্তিনের প্রতিবেশী দেশ মিশর ও জর্ডান পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে অংশ নেবে বলে জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সেনা মোতায়েনের ম্যান্ডেট মানবিক প্রকৃতির। বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবিক ও স্বাস্থ্য সহায়তা, পুনর্গঠন এবং ফিলিস্তিনি পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিই হবে প্রধান লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, ইন্দোনেশিয়ার সেনারা কোনো যুদ্ধ অভিযানে বা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে না। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উত্থাপিত প্রশ্নের জবাবে এ অবস্থান জানানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে ৭২ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে।
এমএস/