দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে নবগঠিত আন্তর্জাতিক উদ্যোগ ‘বোর্ড অব পিস’-এর সদস্য দেশগুলো মোট ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে। স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই অর্থায়নের ঘোষণা দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বোর্ড অব পিস ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের।’ তবে কোন কোন দেশ এই তহবিলে কত অর্থ দেবে বা স্থিতিশীলতা বাহিনীতে অংশ নেবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
বার্তা সংস্থা রয়টার্স–এর প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড অব পিসের সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দেওয়ার ঘোষণা দেবে।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা চালিয়েছে **ইসরাইল**ি সেনাবাহিনী। স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন স্থানে চালানো হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এ হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের বড় অংশের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। প্রস্তাবটি উত্থাপন করেন কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শক্তি অধিকৃত ভূখণ্ডে জমি বাজেয়াপ্ত বা বসতি স্থাপন করতে পারে না।
এমএস/