দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে সাম্প্রতিক দেশজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ‘দাঙ্গাবাজদের’ কঠোর শাস্তি দেওয়ার প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন ইরানি কর্মকর্তারা।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বলেন, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখন শুরু হয়েছে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই যদি অযোগ্য কাউকে ছাড় দেওয়া হয়, তাহলে তা ন্যায়ের পরিপন্থী হবে।
ইরানের বেশিরভাগ এলাকায় এখনও ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ রয়েছে। রোববার অল্প সময়ের জন্য আংশিকভাবে সংযোগ ফিরলেও পরে আবার তা বন্ধ করে দেওয়া হয়।
এজেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘খুনি ও সন্ত্রাসী উসকানিদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা বিদেশি শক্তির প্ররোচনায় বিক্ষোভে জড়িয়েছে, তারা কর্তৃপক্ষের ‘ইসলামি সহানুভূতি’ পেতে পারে।
ইরানি কর্তৃপক্ষ বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিক্ষোভে অর্থ ও অস্ত্র জোগানের অভিযোগ করে আসছে। শনিবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্বীকার করেন, বিক্ষোভে ‘কয়েক হাজার’ মানুষ নিহত হয়েছে। তবে রাষ্ট্রীয় বাহিনীর পরিবর্তে বিদেশি শক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়ী করা হয়। ডিসেম্বরের শেষ দিকে তেহরানের দোকানদারদের আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক দশক হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করা একটি ‘সন্ত্রাসী দলের’ কয়েকজন সদস্যকে তেহরান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কেরমান, ইসফাহান, মাজানদারান, শিরাজ ও বান্দার আনজালিতে আরও গ্রেপ্তারের খবর দিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের পুলিশপ্রধান আহমাদরেজা রাদান বলেন, যারা ভুল পথে পরিচালিত হয়েছে, তারা তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করলে শাস্তি কম পেতে পারে। তিনি জানান, গ্রেপ্তার হওয়া অনেকেই সহিংসতা, হত্যা ও লুটপাটের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে ঝাপসা মুখে এসব স্বীকারোক্তি সম্প্রচার করা হচ্ছে, যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভে হওয়া আর্থিক ক্ষতির একটি অংশ আদায় করা হবে আন্দোলনে অংশ নেওয়া বা প্রকাশ্যে সমর্থন দেওয়া ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করে। প্রসিকিউটর জেনারেলের প্রধান মোহাম্মদ মোভাহেদি আজাদ বলেন, আইনের ভিত্তিতে সাম্প্রতিক দাঙ্গার ক্ষতিপূরণ আদায় করা হবে।
আইআরজিসি-ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সি জানায়, এক প্রভাবশালী ব্যবসায়ীর সব সম্পদ, যার মধ্যে দেশজুড়ে ক্যাফে ও খাদ্যপণ্য ব্র্যান্ড রয়েছে, জব্দ করা হয়েছে। সাবেক জনপ্রিয় ফুটবলার ভোরিয়া গাফুরির ক্যাফেও বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ‘রেড লাইন অতিক্রম’ বলে আখ্যা দিয়েছে ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গার্ডিয়ান কাউন্সিল জানায়, সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কোনো ধরনের অবমাননা গুরুতর পরিণতি ডেকে আনবে।
সংসদে গালিবাফ বলেন, ট্রাম্প তার অস্থিতিশীল বক্তব্য দিয়ে ইরানে বিশৃঙ্খলা ও হত্যাকাণ্ড উসকে দেওয়ার চেষ্টা করেছেন।
ইন্টারনেট বন্ধ প্রসঙ্গে প্রেসিডেন্টের বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা হোসেইন আফশিন বলেন, সপ্তাহের শেষ দিক থেকে ধীরে ধীরে ইন্টারনেট সীমাবদ্ধতা তুলে নেওয়া হতে পারে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, সরকার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্ল্যাকআউট আরও কার্যকর করতে বিভিন্ন পদ্ধতি পরীক্ষা করছে।
এদিকে সংস্কারপন্থী দৈনিক হাম-মিহান পত্রিকা জব্দ করা হয়েছে এবং রাষ্ট্রীয় টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচারে সাময়িক বিঘ্নের ঘটনাও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
এমএস/