দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ সৃষ্টি হওয়া তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে শতাধিক যানবাহনের সংঘর্ষ হয়। তবে এতে কয়েকজন আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) পশ্চিম মিশিগানে অটোয়া কাউন্টির গ্র্যান্ড র্যাপিডসের দক্ষিণে একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজ
স্থানীয় কর্মকর্তারা জানান, তীব্র তুষারপাতের কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ১০০টিরও বেশি যানবাহন—এর মধ্যে প্রায় ৪০টি ট্রাক-ট্রেলার—একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন, তবে কারও প্রাণহানি হয়নি বলে জানিয়েছে অটোয়া কাউন্টি শেরিফের দপ্তর।
সিবিএস ডেট্রয়েটের প্রতিবেদনে বলা হয়েছে, যানবাহন অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জিল্যান্ড টাউনশিপের আই-১৯৬ মহাসড়ক কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।
সিবিএস নিউজের আবহাওয়াবিদ রব মার্সিয়ানোর মতে, গ্রেট লেকস অঞ্চলের কিছু এলাকায় অন্তত ৯ ইঞ্চি তুষারপাত হয়েছে। পূর্বাভাসকারীরা সতর্ক করেছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর-মধ্য ফ্লোরিডা ও দক্ষিণ-পূর্ব জর্জিয়ার বিস্তীর্ণ এলাকায় হিমাঙ্কের নিচে তাপমাত্রা নামতে পারে।
অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, ন্যাশনাল ওয়েদার সার্ভিস উত্তর মিনেসোটা থেকে শুরু করে উইসকনসিন, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভেনিয়া এবং নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে চরম ঠাণ্ডা বা শীতকালীন ঝড়ের সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করেছে।
মার্সিয়ানো জানান, যুক্তরাষ্ট্রজুড়ে ২০০ মিলিয়নেরও বেশি মানুষ এই আর্কটিক শৈত্যপ্রবাহের ঝুঁকি রয়েছে। দেশের উত্তরাঞ্চলের কিছু অংশে বাতাসের সঙ্গে অনুভূত তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি পর্যন্ত নেমেছে, আর ফ্লোরিডায় তা নেমেছে ২০ ডিগ্রির ঘরে। রোববার ফ্লোরিডা প্যানহ্যান্ডেল পর্যন্ত তুষারপাত হয়েছে এবং ম্যাসাচুসেটস ও শিকাগোর প্লে-অফ ফুটবল ম্যাচে খেলোয়াড়দের জন্য বল ধরাও কঠিন হয়ে পড়েছিল।
সিবিএস জানিয়েছে, এই বিরল তুষারঝড়ে সপ্তাহান্তে আলাবামা ও জর্জিয়ায় ১ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত তুষার জমেছে, ফলে চালকদের বরফাচ্ছন্ন সড়কের চলাচল করতে হয়েছে।
মার্সিয়ানোর মতে, অরল্যান্ডো ও ফোর্ট মায়ার্সসহ ফ্লোরিডার দক্ষিণাঞ্চলেও অন্তত বুধবার পর্যন্ত হিমাঙ্কের কাছাকাছি বা তার নিচে অনুভূত তাপমাত্রা থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, উত্তর-মধ্য যুক্তরাষ্ট্র থেকে শুরু করে শুক্রবারের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে তীব্র ঠাণ্ডা অনুভূত হবে। এরপর এই কনকনে ঠাণ্ডা দক্ষিণের প্লেইনস অঞ্চল থেকে মধ্য-আটলান্টিক পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং জানুয়ারির বাকি সময়জুড়ে স্থায়ী হতে পারে।
এবি/