দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে সিরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই হুমকি উপেক্ষা করেই একের পর এক কুর্দি নিয়ন্ত্রিত এলাকা নিজেদের দখলে নিচ্ছে সিরীয় সরকারি বাহিনী। সর্বশেষ দেশটির উত্তরাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাবকা শহর এসডিএফের কাছ থেকে দখলে নিয়েছে তারা।
শনিবার (১৭ জানুয়ারি) সিরিয়ার সামরিক বাহিনী জানায়, কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফের নিয়ন্ত্রণে থাকা তাবকা শহর বর্তমানে সরকারি বাহিনীর দখলে। যুক্তরাষ্ট্রের অভিযান বন্ধের আহ্বান উপেক্ষা করেই এই সামরিক অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দামেস্ক।
সরকারি বাহিনী জানায়, দেইর এজ-জোরের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। একই সঙ্গে জাররাহ বিমানঘাঁটি ও দেইর হাফের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করেছে তারা। এসব এলাকায় পুঁতে রাখা মাইন ও বিস্ফোরক অপসারণের কাজ চলছে বলেও জানানো হয়।
এদিকে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এই ধরনের সামরিক তৎপরতা সিরিয়াকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসডিএফের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা।
এই প্রেক্ষাপটে দামেস্কের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ওয়াশিংটন।
এর মধ্যেই উত্তেজনা কমানোর আহ্বান জানানো সত্ত্বেও সিরিয়ায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গেল শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে চালানো প্রাণঘাতী হামলায় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত শীর্ষ নেতা বিলাল হাসান আল-জাসিম নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
সেন্টকম জানায়, গত মাসে মার্কিন সেনাদের ওপর আইএসের হামলার সঙ্গে ওই ব্যক্তি সরাসরি জড়িত ছিলেন। ওই হামলায় দুই মার্কিন সেনা ও এক মার্কিন দোভাষী নিহত হন।
এমএস/