দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের করাচিতে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) রাতে এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এ ঘটনা ঘটে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার ১৩ ঘণ্টা পার হলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় ভবনটির কয়েকটি অংশ ধসে পড়েছে।
স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানান, নিহত ছয়জনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে শপিং মলের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গুল প্লাজা শপিং মলে এক হাজারের বেশি দোকান রয়েছে। সেখানে কাপড়, ক্রোকারিজ, সুগন্ধি, প্রসাধনী, ইলেকট্রনিক্স ও খেলনাসহ নানা ধরনের পণ্য বিক্রি হয়। এসব দাহ্য পণ্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা আরও বেড়ে যায় বলে অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানিয়েছেন।
উদ্ধার কাজে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আগুনের কারণে ভবনের একটি অংশ ধসে পড়েছে। গার্ডেন এলাকার উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা মহসিন রাজা প্রাথমিকভাবে জানিয়েছেন, একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত ও উদ্ধার তৎপরতা জোরদার করতে সিন্ধ রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, রেঞ্জার্স সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
সূত্র: জিও নিউজ
/অ