দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় যুদ্ধবিরতির পর নির্ধারিত নিয়ন্ত্রণরেখা ইয়েলো লাইন কয়েকটি স্থানে আরও ভেতরে সরিয়ে নিয়েছে ইসরায়েল। স্যাটেলাইট ছবির বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি ভেরিফাই। এতে গাজাবাসীর মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক বাড়ছে।
মার্কিন মধ্যস্থতায় হামাসের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, ইসরায়েলের সেনাদের একটি নির্দিষ্ট রেখার পেছনে সরে যাওয়ার কথা ছিল। সেই রেখা সামরিক মানচিত্রে হলুদ রঙে চিহ্নিত এবং মাটিতে কংক্রিটের হলুদ ব্লক বসিয়ে দেখানো হয়। কিন্তু স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, বেইত লাহিয়া, জাবালিয়া ও গাজা সিটির আল-তুফাহ এলাকায় বসানো ব্লকগুলো পরে আবার সরিয়ে আরও ভেতরে নেওয়া হয়েছে। মোট ১৬টি অবস্থান পরিবর্তন করা হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, গড়ে প্রায় ২৯৫ মিটার ভেতরে ব্লক সরানো হয়েছে। এছাড়া আরও ২০৫টি চিহ্নিত ব্লকের অর্ধেকের বেশি মানচিত্রে দেখানো রেখার তুলনায় অনেক গভীরে বসানো হয়েছে। কিছু এলাকায় প্রায় ১০ কিলোমিটার এলাকায় কোনো ব্লকই নেই, ফলে কোথা থেকে বিপজ্জনক যুদ্ধাঞ্চল শুরু হচ্ছে তা অনেক বাসিন্দা বুঝতে পারছেন না।
ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখেই ইয়েলো লাইন চিহ্নিত করা হচ্ছে এবং রেখা সরানো হয়নি।
ইয়েলো লাইন অতিক্রম করলে গুলি চালানো হবে বলে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আগেই সতর্ক করেছিলেন। এরপর থেকে এই রেখার আশপাশে একাধিক প্রাণঘাতী ঘটনার তথ্য পাওয়া গেছে। ডিসেম্বর মাসে আল-তুফাহ এলাকায় একটি স্কুলে হামলায় শিশুদেরসহ পাঁচজন নিহত হন। জাবালিয়ায় ১৭ বছর বয়সী এক কিশোর ট্যাংকের ধাক্কায় নিহত হওয়ার অভিযোগও উঠেছে। আরও কয়েকটি ঘটনায় শিশু নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ভিডিও ও স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, যুদ্ধবিরতির শর্ত থাকা সত্ত্বেও কিছু এলাকায় ইসরায়েলি সাঁজোয়া যান ও বুলডোজার ইয়েলো লাইনের ভেতরে অভিযান চালিয়েছে। কোথাও কোথাও ব্লক সরানোর পর আশপাশের ভবন ভেঙে ফেলা হয়েছে। এতে মাটিতে থাকা চিহ্ন অনেক ক্ষেত্রে ধ্বংসস্তূপে ঢেকে গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইয়েলো লাইনের দুই পাশেই হামাসের সুড়ঙ্গ রয়েছে এবং সেগুলো ধ্বংসের সময় ভবন ধসে পড়তে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হওয়ার কথা, যেখানে ইসরায়েলকে গাজার আরও কিছু এলাকা থেকে সরে যাওয়ার কথা রয়েছে। তবে এই প্রত্যাহারের নির্দিষ্ট সময়সূচি এখনো জানানো হয়নি।
সূত্র: বিবিসি
এমএস/