দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধুয়ে দিলেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও ভারতের লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। তার মতে, আসামের মুখ্যমন্ত্রীর মনমানসিকতা পাকিস্তানের মতো।
এছাড়া ওয়াইসির স্বপ্ন, একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন একজন হিজাব পরা মেয়ে।
রোববার (১১ জানুয়ারি) এআইএমআইএম নেতা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। এর আগে এক অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন, ‘আমি নিশ্চিত— ভারতের প্রধানমন্ত্রী শুধুমাত্র একজন হিন্দুই হবেন।’ খবর টাইমস অব ইন্ডিয়া
এর জবাবে গতকাল শনিবার মহারাষ্ট্রের সোলাপুরে একটি নির্বাচনী সভায় ওয়াইসি বলেন, ‘একদিন হিজাব পরা কোনো কন্যাও ভারতের প্রধানমন্ত্রী হতে পারে।’
তিনি বলেন, ‘পাকিস্তানের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে— শুধু একটি ধর্মের মানুষই সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। বাবাসাহেবের সংবিধান বলে, ভারতের যে কোনো নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়র হতে পারে। আমার স্বপ্ন, একদিন এই দেশের প্রধানমন্ত্রী হবেন একজন হিজাব-পরা মেয়ে।’
তিনি আরও যোগ করেন, ‘যারা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়, তারা একদিন শেষ হয়ে যাবে। ভালোবাসা যখন সাধারণ হয়ে উঠবে, তখন মানুষ বুঝবে কীভাবে তাদের মন বিষে ভরে দেওয়া হয়েছিল।’
বিজেপির বিভিন্ন নেতা ওয়াইসির ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেন। আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা মন্তব্যে বলেন, ‘সংবিধানগতভাবে কোনো বাধা নেই। যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু ভারত একটি হিন্দু রাষ্ট্র, হিন্দু সভ্যতা, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ও নিশ্চিত যে ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন।’
বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ওয়াইসিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘হিজাব পরা নারী প্রধানমন্ত্রী হবেন—এমন কথা বলছেন মিঞা ওয়াইসি। মিঞা ওয়াইসি, সংবিধান কাউকে আটকায় না, কিন্তু আগে আপনি আপনার দলের সভাপতি হিসেবে একজন পাসমন্দা বা হিজাব-পরা নারীকে বানিয়ে দেখান।’
বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য ওয়াইসির বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগ তুলে বলেন, ‘এই ধরনের আজগুবি চিন্তাভাবনা তাদের মাথায় চলতেই থাকবে, যারা তোষণ আর নির্দিষ্ট সম্প্রদায়ভিত্তিক রাজনীতি করে। আপনি কেন ভারতের কথা বলেন না? আপনার মাথায় সব সময় পাকিস্তানই কেন ঘুরে? যারা ধর্মের ভিত্তিতে দেশ বেছে নিতে চেয়েছিল, শরিয়ার ভিত্তিতে দেশ চালাতে চেয়েছিল, তারা জিন্নাহর সঙ্গে চলে গিয়েছিল। কিন্তু আজও জিন্নাহর ভূত কিছু মানুষের মাথায় ঘুরে বেড়ায়।’
কংগ্রেস নেতা ইমরান মাসুদ বলেন, ‘তিনি অসম্ভব বিষয় নিয়ে কথা বলছেন—দিনদুপুরে তারা দেখার মতো। গণতন্ত্রে সবার অধিকার আছে। হিজাব পরা বা না পরা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।’
শিবসেনা মুখপাত্র শাইনা এনসি বলেন, ‘আসাদউদ্দিন ওয়াইসি, প্রধানমন্ত্রীর পদের জন্য এখন কোনো শূন্যপদ নেই। নরেন্দ্র মোদির জনপ্রিয়তা সবার জানা। আগে আপনার সাংসদদের জিতিয়ে আনুন, তারপর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখুন। হ্যাঁ, ভবিষ্যতে আমরাও একজন নারী প্রধানমন্ত্রী চাইব, কিন্তু তার পরিচয় হবে কাজ ও জনগণের ম্যান্ডেট দিয়ে—জাতি, ধর্ম বা সম্প্রদায় দিয়ে নয়।’
বিজেপি নেতাদের এমন মন্তব্যে রোববার আসামের মুখ্যমন্ত্রী হিমন্তকে একহাত নেন আসাদউদ্দিন ওয়াইসি। হায়দরাবাদের এ সংসদ সদস্য বলেন, ‘তার মাথার ভেতর টিউবলাইট জ্বলছে।’
সংবাদ সংস্থা পিটিআই-এর পোস্ট করা একটি টুইটে ওয়াইসি বলেন, ‘তিনি সংবিধানের ওপর শপথ নিয়েছেন, কিন্তু তিনি কি জানেন সেখানে কী লেখা আছে? হিমন্ত বিশ্ব শর্মার মানসিকতা পাকিস্তানের মতো। পাকিস্তানের সংবিধানে বলা আছে, শুধু একটি সম্প্রদায়ের মানুষই সে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারে।’
‘কিন্তু আমাদের দেশে বাবাসাহেব আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছেন, আর তিনি হিমন্ত বিশ্ব শর্মার চেয়ে অনেক বেশি জ্ঞানী ও প্রজ্ঞাবান ছিলেন।’
ওয়াইসি আরও বলেন, ‘দুঃখের বিষয়, কিছু মানুষ সংবিধান বা তার আত্মা—কোনোটাই বোঝে না। এই দেশ কোনো এক ধর্ম বা সম্প্রদায়ের নয়—এটাই এর সৌন্দর্য। যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তারাও এখানে জায়গা পায়। তার চিন্তাধারা সংকীর্ণ, আর তিনি তুচ্ছ কথা বলেন।’
এবি/