দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলার সহযোগিতার কারণে দেশটির ওপর পরিকল্পিত দ্বিতীয় দফার হামলা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প লেখেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ‘শান্তির পথে’ এগোনোর ইঙ্গিত হিসেবে বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দিকে মুক্তি দিচ্ছে। তিনি এটিকে ‘গুরুত্বপূর্ণ ও বুদ্ধিমান পদক্ষেপ’ বলে মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা ভালোভাবে এগোচ্ছে, বিশেষ করে দেশটির তেল ও গ্যাস অবকাঠামো নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্রে। এই সহযোগিতার কারণেই আগেই নির্ধারিত দ্বিতীয় দফার হামলা বাতিল করা হয়েছে বলে জানান তিনি। তবে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সব জাহাজ আগের অবস্থানেই থাকবে বলে উল্লেখ করেন ট্রাম্প।
এই ঘোষণার মধ্যেই শুক্রবার হোয়াইট হাউসে বড় তেল কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। বৈঠকে ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়ানো এবং দেশটিতে নতুন বিনিয়োগে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন তিনি।
ট্রাম্প দাবি করেন, বড় তেল কোম্পানিগুলো অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তবে তেল শিল্প সংশ্লিষ্টরা দীর্ঘমেয়াদে ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠনে এত বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
সূত্র: সিএনএন
এমএস/