দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলার বিরুদ্ধে হুমকি বাস্তবায়নে ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে নাটকীয় এক রাতের অভিযানে তুলে নিয়ে গেছেন। অনেকের ধারণা, মাদুরোর পর ভবিষ্যতে যেসব দেশ ও ব্যক্তি ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির শিকার হতে পারে তার মধ্যে অন্যতম লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া ও তার গুস্তাভো পেত্রো।
মার্কিন প্রেসিডেন্টের একাধিক হুমকি, বিশেষ করে ভেনেজুয়েলা অভিযানের পর ট্রাম্পের ‘সে আর বেশিদিন এটা করতে পারবে না’ এমন মন্তব্য সেই সম্ভাবনা আরও জোরালো করে তুলেছে। এদিকে ট্রাম্পের এমন হুমকি ও ভবিষ্যতে মার্কিন হামলা মোকাবিলায় কী পরিকল্পনা রয়েছে সে বিষয়ে সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো।
বিবিসিকে তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য একটি ‘বাস্তব হুমকি’, এবং তিনি বিংশ শতকে পানামার মতো ভূখণ্ড হারানোর উদাহরণ টানেন। তিনি বলেন, ‘এই হুমকি দূর করার সম্ভাবনা চলমান আলোচনার ওপর নির্ভর করছে।’
যুক্তরাষ্ট্র হামলা চালালে কলম্বিয়া কীভাবে আত্মরক্ষা করবে—এমন প্রশ্নে পেত্রো জানান, তিনি ‘সংলাপকেই অগ্রাধিকার দিতে চান’ এবং এ নিয়ে ‘কাজ চলছে’।
গুস্তাভো পেত্রো বলেন, ‘কলম্বিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায়। তবে দেশের ইতিহাস দেখায় তারা বড় সেনাবাহিনীর জবাব কীভাবে দিয়েছে।’
‘এটা এমন নয় যে আমাদের নেই এমন অস্ত্র দিয়ে আমরা একটি বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হব। আমাদের তো বিমান প্রতিরক্ষাও নেই। বরং আমরা জনগণ, আমাদের পাহাড় ও জঙ্গলকেই ভরসা করি—যেমনটা সব সময় করেছি।’
পেত্রো নিশ্চিত করেন, তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং তেলমন্ত্রী দেলসি রদ্রিগেসের সঙ্গেও কথা বলেছেন এবং তাকে কলম্বিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের শিকার।’
তিনি সরাসরি বলেননি, ভেনেজুয়েলার মতো কলম্বিয়াতেও সিআইএ গোপন অভিযান চালাতে পারে কি না, বা তার নিজের সরকার বা ঘনিষ্ঠ মহলে সোর্স থাকতে পারে কি না—এ নিয়ে তিনি শঙ্কিত কি না।
উল্লেখ্য, ভেনেজুয়েলার সরকারে থাকা এক সিআইএ সূত্রের সহায়তায় নিকোলাস মাদুরোর অবস্থান শনাক্ত করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স তাকে আটক করে।
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় কোকেন উৎপাদক দেশ হিসেবে কলম্বিয়া বৈশ্বিক মাদক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। দেশটিতে তেলের বড় মজুত রয়েছে, পাশাপাশি সোনা, রূপা, পান্না, প্লাটিনাম ও কয়লাও রয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভেনেজুয়েলার তেলের বিক্রি তারা ‘অনির্দিষ্টকালের জন্য’ নিয়ন্ত্রণে রাখবে, কারণ তারা বৈশ্বিক বাজারে দেশটির অপরিশোধিত তেলের ওপর বিধিনিষেধ শিথিল করার প্রস্তুতি নিচ্ছে।
ভেনেজুয়েলা অভিযানের পর এয়ার ফোর্স ওয়ানে কথা বলতে গিয়ে ট্রাম্প পেত্রোকে ‘একজন অসুস্থ মানুষ, যে কোকেন বানিয়ে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে’ বলে অভিহিত করেন এবং যোগ করেন, ‘সে আর বেশিদিন এটা করতে পারবে না।’
পেত্রো এসব অভিযোগ অস্বীকার করে বিবিসিকে বলেন, ‘সবসময়ই প্রমাণ হয়েছে যে আমি এর সঙ্গে জড়িত নই। ২০ বছর ধরে আমি মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াই করেছি, যার ফলে আমার পরিবারকে নির্বাসনে যেতে হয়েছে।’
এবি/